মিশর হয়ে ভ্রমণে বাংলাদেশিদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক

মিশর হয়ে অন্য দেশে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য আগাম ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, মিশরের বিমানবন্দর ব্যবহার করে ট্রানজিট করতে হলে যাত্রীদের ভ্রমণের আগেই ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে।

ঢাকায় অবস্থিত মিশরের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী অন অ্যারাইভাল ট্রানজিট সুবিধা দেওয়ার পূর্ববর্তী ব্যবস্থা আর কার্যকর থাকবে না। নতুন এই নিয়ম মিশরের সব আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ট্রানজিট করা বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাশাপাশি চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিটও প্রয়োজন হবে, যদি তা প্রযোজ্য হয়। এছাড়া ভ্রমণপথে মিশরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে উল্লেখ থাকতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, মিশরের অভিবাসন নীতিমালা অনুযায়ী প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং কোনো যাত্রী নিষেধাজ্ঞার তালিকাভুক্ত হলে তিনি এই সুবিধা পাবেন না। ট্রানজিট ভিসার আওতায় সর্বোচ্চ ৭২ ঘণ্টা অবস্থান করা যাবে।

ভ্রমণ সংক্রান্ত জটিলতা এড়াতে বাংলাদেশি যাত্রীদের আগেভাগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহের আহ্বান জানিয়েছে মিশর দূতাবাস।

আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে দূতাবাসের কনস্যুলার শাখায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।