সৌদি আরবে ৮ হাজার সেনা ও ১৬টি যুদ্ধবিমান মোতায়েন পাকিস্তানের

সৌদি আরবে ৮ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান। এ ছাড়া ফাইটার জেট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। দুই দেশের মধ্যকার সামরিক চুক্তির আওতায় এই সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

সোমবার বার্তা সংস্থাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তিনজন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তারা জানিয়েছেন, ইরান যুদ্ধে যদি সৌদি আরব হামলার শিকার হয় তবে চুক্তি অনুযায়ী পাকিস্তান যেন রিয়াদের পাশে দাঁড়াতে পারে সেজন্যই এই বিশাল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। 

তবে এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে রয়টার্সকে কিছু জানায়নি পাকিস্তানি সামারিক দপ্তর কিংবাড পররাষ্ট্র মন্ত্রণালয়। 

২০২৫ সালে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। 

সে সময় পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের পরমাণু সুরক্ষায় এসেছে সৌদি আরব। 

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান ১৬টি যুদ্ধবিমানের বহর মোতায়েন করেছে যেখানে জেএফ-১৭ ফাইটার জেটও রয়েছে। এ ছাড়া দুই স্কোয়াড্রন ড্রোনও মোতায়েন করা হয়েছে।