জাতিসংঘে প্রেসিডেন্ট পদে সমর্থন পেতে খলিলুর রহমানের ৬ প্রতিশ্রুতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘পূর্ণকালীন প্রেসিডেন্ট’ হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, নির্বাচিত হলে জাতিসংঘ সনদ মেনে চলবেন, ছোট প্রতিনিধিদলগুলোকে বিশেষ গুরুত্ব দেবেন এবং মতভেদ থাকলেও সবার মধ্যে ঐক্যের পথ খুঁজে বের করার চেষ্টা করবেন।

বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হওয়া এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এসব পরিকল্পনা তুলে ধরেন। 

তিনি বলেন, যুদ্ধ, সংঘাত, উন্নয়ন সংকট, মানবাধিকার সমস্যা ও বিশ্ব সহযোগিতায় দুর্বলতা এখন বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় সদস্য দেশগুলোর সঙ্গে মিলেই কাজ করতে চান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ৬ প্রতিশ্রুতি 

শান্তি ও নিরাপত্তা

বিশ্বে শান্তি রক্ষা, বিরোধ কমানো, রাজনৈতিক সমাধান খোঁজা এবং নারী অংশগ্রহণ বাড়ানোর কথা বলেন তিনি।

উন্নয়ন ও অর্থ সহায়তা

এসডিজি বাস্তবায়ন এগিয়ে নেওয়া, দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর অর্থ সংকট কমানো এবং ঋণ ব্যবস্থায় সহায়তার কথা জানান।

জলবায়ু পদক্ষেপ

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশকে সহায়তা এবং প্রকৃতি রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন।

মানবাধিকার ও মানবিক সহায়তা

শরণার্থী, অভিবাসী ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের বিষয়ও তুলে ধরেন।

প্রযুক্তির সঠিক ব্যবহার

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি যেন সবার উপকারে আসে, অপব্যবহার না হয়—সে বিষয়ে গুরুত্ব দেন তিনি।

জাতিসংঘ সংস্কার

জাতিসংঘকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সদস্য দেশগুলোর মতামতের ভিত্তিতে সংস্কারের কথা বলেন তিনি।