বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে ডনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতেই চীনা প্রেসিডেন্টকে ‘মহান নেতা’ বলে অভিহিত করে তার ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট।
বৈঠকের শুরুতেই বক্তব্য দেন শি। এরপর তার বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে বলে তিনি আশা করছেন।
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ তার জন্য সম্মানজনক জানিয়ে ট্রাম্প বলেন, “আমি সবাইকেই বলি, একজন মহান নেতা। আপনার বন্ধু হতে পারাটা সম্মানের।”
স্থানীয় সময় বুধবার বেইজিং পৌঁছান ট্রাম্প। ২০১৭ সালের পর এটিই তার প্রথম চীন সফর। বৃহস্পতিবার তিনি রাজধানীর গ্রেট হল অব দ্য পিপলে শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন। বৈঠককে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন দিকনির্দেশনার প্রত্যাশা তৈরি হয়েছে।
শি জিনপিং বলেন, বিশ্ব বর্তমানে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিরতা ও রূপান্তরে পূর্ণ। এ সময়ে চীন ও যুক্তরাষ্ট্র যদি সহযোগিতার পথ বেছে নেয়, তবে বৈশ্বিক স্থিতিশীলতা ও দুই দেশের জনগণের কল্যাণে নতুন সুযোগ তৈরি হতে।
ট্রাম্প বলেন, কেউ কেউ এই বৈঠককে ইতিহাসের সর্ববৃহৎ সম্মেলন হিসেবে অভিহিত করেছেন এবং তিনি তাদের মধ্যকার আলোচনার ব্যাপারে অত্যন্ত আশাবাদী।