বিভিন্ন কারণে বাদ পড়া ২৭তম বিসিএসের আরও ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ৯৬ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৪৮ জন, পুলিশে ১৩ জন, স্বাস্থ্যে ৪ জন এবং গণপূর্ত ও টেলিযোগাযোগ ক্যাডারে ৩ জন করে নিয়োগ পেয়েছেন। এছাড়া পররাষ্ট্র, আনসার ও সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ২ জন করে এবং পরিবার পরিকল্পনা, তথ্য, নিরীক্ষা ও হিসাব, রেলওয়ে পরিবহন ও বাণিজ্য, কৃষি, সাধারণ শিক্ষা, পরিসংখ্যান, শুল্ক ও আবগারি এবং খাদ্য ক্যাডারে ১ জন করে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের ব্যাচের নিয়োগপ্রাপ্তদের প্রথম যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই তারিখ থেকে ভূতাপেক্ষভাবে নিয়োগ আদেশ কার্যকর হবে, তবে বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকলে অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকলে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
নিয়োগ প্রাপ্তদের আগামী ১৮ই মে-এর মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই তিনি যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত না বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বাসসের সূত্রে জানা যায়, ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রশাসনিক জটিলতা, মামলা-মোকদ্দমা, যাচাই-বাছাই বা কারিগরি কারণে এই প্রার্থীরা এক সময় নিয়োগ বঞ্চিত হয়েছিলেন। নিয়োগের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আইনি ও প্রশাসনিক লড়াই চালিয়ে আসছিলেন। আদালতের পর্যবেক্ষণ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর্যালোচনা এবং সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে অবশেষে তাদের নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করা হলো।
উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৩,৫৬৭ জনের ফল বাতিল করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২০এ ফেব্রুয়ারি আপিল বিভাগ ১,১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী ১৮ই ডিসেম্বর প্রথম দফায় ৬৭৩ জন এবং ১৩ই মে মঙ্গলবার দ্বিতীয় দফায় আরও ৯৬ জনকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।