লঘুচাপের প্রভাব ও বজ্র মেঘ তৈরি হওয়ায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে।
প্রচণ্ড গরমে বৃষ্টিতে স্বস্তি মিললেও রাজধানী ঢাকায় অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।
ঢাকার কোনো কোনো এলাকায় পানি বেধে গেছে, সড়কে যানবাহনের অপেক্ষায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে মঙ্গলবার চারদিনের পূর্বাভাসে জানানো হয়- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, সৃষ্টি হওয়া লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে সৃষ্টি হয়েছে বজ্রমেঘ।
এর ফলে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বজ্রপাত হচ্ছে, যা পরে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বুধবার ভোর থেকে দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে।