টাকা তুলতে মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

ভারতের ওড়িশায় টাকা তুলতে মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হয়েছেন এক ব্যক্তি। 

জিতু মুন্ডা নামের ৫০ বছর বয়সী ওই ব্যক্তি বড় বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ হাজার রুপি তুলতে চেয়েছিলেন। 

ওড়িশা গ্রামীণ ব্যাংক-এর মালিপোসি শাখায় এই ঘটনাটি ঘটেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদন লেখা হয়েছে। ওড়িশার কেউনঝড় জেলার পাটনা ব্লকে অবস্থিত ওই ব্যাংক। 

কালরা মুন্ডা গত ২৬এ জানুয়ারি মারা যান। জিতু মুন্ডা পুলিশকে বলেন, ব্যাংক ম্যানেজার অ্যাকাউন্টধারীকে সাথে করে নিয়ে আসতে বলায় তিনি এ কাজ করেছেন। 

“আমি অনেকবার ব্যাংকে দৌড়াদৌড়ি করেছি। আর ওখানকার লোকজন আমাকে বলছিল যে, জমানো টাকা তুলতে হলে আমানতকারীকে সঙ্গে নিয়ে আসতে হবে। যদিও আমি তাদের বলেছিলাম যে তিনি মারা গেছেন, কিন্তু তারা আমার কথা শোনেনি এবং তাকে ব্যাংকে নিয়ে আসার জন্য বলতে থাকে। তাই চরম হতাশ হয়ে আমি কবর খুঁড়ে তার কঙ্কাল বের করে আনি, যাতে তার মৃত্যুর প্রমাণ দেওয়া যায়,” সাংবাদিকদের বলেন জিতু। 

 পাটনা থানার ইন্সপেক্টর-ইন-চার্জ কিরণ প্রসাদ সাহু বলেছেন, জিতুকে টাকা তোলার সঠিক প্রক্রিয়া বুঝিয়ে বলতে ব্যর্থ হয়েছে ব্যাংক।

“জিতু একজন নিরক্ষর আদিবাসী মানুষ। উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তি বা নমিনি কী, তা তিনি জানেন না। ব্যাংকের কর্মকর্তারা মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পদ্ধতিটি তাকে বুঝিয়ে বলতে পারেনি,”  পিটিআইকে বলেন ওই পুলিশ কর্মকর্তা। 

তবে স্থানীয় ব্লক উন্নয়ন কর্মকর্তা মানস দণ্ডপাত জানিয়েছেন, প্রথমবারের মতো তিনি এই ধরনের ঘটনার কথা শুনেছেন। 

“আজকেই আমি বিষয়টি জানতে পেরেছি। এই সমস্যার সমাধানে কী করা যায়, আমরা তা খতিয়ে দেখবো।” 

ঘটনার পর পুলিশ কর্মকর্তারা এগিয়ে আসেন এবং ওই আদিবাসী ব্যক্তিকে আশ্বাস দেন যে, তারা তার মৃত বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ব্যাপারে সহযোগিতা করবেন। 

পুলিশের তত্ত্বাবধানে ওই নারীর কঙ্কালটি পুনরায় কবরস্থানে দাফন করা হয়।