ঢাকার শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ১২টি গণমাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। এই হামলার নিন্দা জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা হামলার জন্য তারা ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে। তারা একে ‘মব’ বলছেন।
তারা জানান, সন্ধ্যায় শাহবাগ থানায় সৃষ্ট উত্তেজনার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। তখন তাদের ওপর দুই দফায় হামলা করা হয়।
হামলার শিকার সাংবাদিকেরা হলেন, মানজুর হোছাঈন মাহি (কালের কণ্ঠ), লিটন ইসলাম (আগামীর সময়), মাহাথীর মোহাম্মদ (ডেইলি স্টার), এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর), নাইমুর রহমান ইমন (ডেইলি অবজার্ভার), মো. ছাব্বিরুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), মো. হারুন ইসলাম (নয়া দিগন্ত), মো. সৌরভ ইসলাম (রাইজিংবিডি ডটকম), মো. আসাদুজ্জামান খান (মানবজমিন), মো. সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন), ইফতেখার সোহান সিফাত (প্রাইম বাংলাদেশ) ও মাহরিব বিন মহসিন (প্রতিদিনের বাংলাদেশ)। তাদের মধ্যে মানজুর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, লিটন সাধারণ সম্পাদক।
ঢাবিসাস নেতারা জানিয়েছেন, এই বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করবেন যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।