৫৬ দিন পর খুললো কুয়েতের আকাশসীমা

প্রায় দুই মাস পর কুয়েতে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলও চালু করা হবে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সির (কুনা) বরাত দিয়ে এ খবর প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গত ২৮এ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল কুয়েতের আকাশসীমা। প্রায় দুই মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে চালু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার থেকে টার্মিনাল ৪ ও ৫ খুলে দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু গন্তব্যে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা করা হবে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ হামুদ মুবারাক আল সাবাহ জানান, সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা মান বজায় রেখে কার্যক্রম পুনরায় চালু করতে দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলা ও দ্রুত পুনরুদ্ধারে জড়িত বিমান চলাচল কর্মী ও সরকারি সংস্থাগুলোর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। 

কুয়েতি এয়ারলাইন্সগুলোর জন্য নিজস্ব বিমানবন্দর ব্যবহারের সুযোগ করে দেওয়ায় সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতাও জানান শেখ হামুদ।