মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের জনপ্রিয় গেমিং ইউটিউবার মুজাহিদ মিল্লাত মারা গেছেন, আহত হয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালামপুরের মাজু এক্সপ্রেসওয়েতে মদ্যপ এক সামরিক সদস্যের গাড়ির ধাক্কায় মারা যান মুজাহিদ। স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, যে গাড়িতে তারা যাচ্ছিলেন, সেটি একটি গাড়ির ধাক্কায় মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ বছর বয়সী এই মুজাহিদের।
মুজাহিদ মিল্লাত ‘অ্যাডভান্স গেমিং’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। বাংলাদেশে গেমিং কনটেন্ট তৈরির জন্য পরিচিত ছিলেন তিনি।
‘অ্যাডভান্স গেমিং’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত বিবৃতিতেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মুজাহিদের স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা, গুরুতর আহত হয়ে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশের হবিগঞ্জের এই দম্পতি ছুটি কাটাতে মালয়েশিয়া গিয়েছিলেন। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরে আসার উদ্দেশ্যে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। তখনই আরেকটি গাড়ি এসে ধাক্কা দেয়।
মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক সামরিক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।