বাংলাদেশের বাজারে বেড়েই চলেছে সোনার দাম। বুধবার নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে রেকর্ড প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
এর আগে মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। অর্থাৎ এক দিনেই দাম বেড়েছে ৭ হাজার ৩৪৮ টাকা।
চলতি বছরের প্রথম ২৮ দিনেই বাংলাদেশের বাজারে ভরি প্রতি সোনার দাম বেড়েছে বেড়েছে ৪৭,০৬৩ টাকা।
সোনার নতুন দাম কার্যকর হয়েছে বুধবার সকাল থেকে। দাম বাড়ার কারণ হিসাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) তাদের বিজ্ঞপ্তিতে স্থানীয় বাজারে তেজাবি সোনা অর্থাৎ পিওর গোল্ডের দাম বৃদ্ধিকে তুলে ধরেছে। তেজাবি সোনা মূলত ২৪ ক্যারেট বা ৯৯.৯% খাঁটি স্বর্ণের স্থানীয় নাম।
গোল্ড প্রাইস ওয়েবসাইটের, লাইভ গোল্ড প্রাইস চার্ট বলছে, শেষ ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ। আর এক মাসে বেড়েছে ১৬ দশমিক ৩৪ শতাংশ।
বাজুস ঘোষিত নতুন দাম অনুযায়ী, বাংলাদেশের বাজারে প্রতি ভরি, যার মানে ১১.৬৬৪ গ্রাম ওজনের ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা।
২১ ক্যারেটের দাম ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা। ১৮ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে এটাই কেনা মূল্য নয়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট যোগ হবে।
অন্যদিকে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রির নতুন দাম ধরা হয়েছে, ৭ হাজার ৭৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে ৬ হাজার ৩৫৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।