হাসিনার সরকারকে 'ফ্যাসিস্ট' বললেন আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি

শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট বললেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে এই কথা বলেছেন আওয়ামী লীগ মনোনিত রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন তার ভাষণে জুলাই শহীদদের আত্মত্যাগ ও হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের কথা উল্লেখ করে বলেন, "হাজারো শহীদের রক্তের বিনিময়ে" একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এবারের জাতীয় সংসদ।

“দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পর একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়েছে।”

এরপর সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য স্পিকার অনুরোধ জানালে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই প্লাকার্ড হাতে ওয়াকআউট করে বিরোধীদলের সদস্যগণ

বিরোধী দলের নাটকীয় প্রতিবাদ আর হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে ঢোকেন। আর এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তার বক্তব্যের সময় প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আর বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তার পূর্বসূরি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন। সেই সময় ক্ষমতায় দল আওয়ামী লীগ এবং সরকারপ্রধান ছিলেন শেখ হাসিনা।