ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, ইউএস বাংলার একটি ফ্লাইটের টেকঅফ বাতিল

যান্ত্রিক ত্রুটির ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের টেকঅফ বাতিল করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার বিকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় বিমানটির টেকঅফ বাতিল করা হয়।

ইউএস-বাংলা জানায়, ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে বিমানের ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সাথে সাথেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়। যা এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা বলে জানিয়েছে তারা।

হঠাৎ টেকঅফ বাতিল করায় রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণজনিত কারনে ধোঁয়ার সৃষ্টি হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। পরবর্তীতে এয়ারক্রাফটটি রানওয়ে থেকে পার্কিং এরিয়াতে নিয়ে এসে যাত্রীদের এয়ারক্রাফট থেকে দ্রুত নামানো হয়।

বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের আরেকটি ফ্লাইটে করে কিছুক্ষণের মধ্যে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথাও জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।