দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের আটটি জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিজিবি সদস্যরা কাজ করছেন।
ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া চার প্লাটুন বিজিবি সদস্য যেকোনও জরুরি পরিস্থিতিরি জন্য প্রস্তুত আছে। বর্ডার গার্ড বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছেন তারা।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও নজরদারি রাখা হয়েছে। ব্যবহার করা হচ্ছে ড্রোন, বডি ওর্ন ক্যামেরাও।