সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

উত্তরায় পৃথক অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার ভোরে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে ঢাকা ও সিলেটের বিভিন্ন এলাকায় হত্যা মামলাসহ তার বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা রয়েছে। এসব মামলার তদন্ত এখনো চলছে। নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি। এরপর টানা ১০ বছর শিক্ষামন্ত্রী ছিলেন।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোর পৌনে তিনটার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও জানা যায়নি।

গ্রেপ্তারের আগে ফেইসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, কোনো অন্যায়ের সঙ্গে তিনি জড়িত নন। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকে ফোন করা হলে নিজেই থানায় বা ডিবি কার্যালয়ে যেতেন। তবে তার হাতে যেন হাতকড়া পরানো না হয়।

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নাম ছিল। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে তার চুক্তিভিত্তিক চাকরিও বাতিল করা হয়। ২০২৬ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে সেই অভিযোগের সঙ্গে তার বর্তমান গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে কি-না, তা এখনও স্পষ্ট নয়।