পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ ভোটের পরিকল্পনা নির্বাচন কমিশনের

দেশের চার হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১০ই ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শেষ করতে চায় তারা।

সোমবার ইসির সভা শেষে সাংবাদিকদের এ খবর জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার এক হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার এক হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার এক হাজার দুইটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আইনি জটিলতা বা অন্য কারণে আটকে থাকা ইউনিয়নগুলো পঞ্চম ধাপে যুক্ত করা হতে পারে। আগামী বৃহস্পতিবার বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের আগে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন, উল্লেখ করেন তিনি।

সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন কার্যকর থাকা আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।