কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নেন এবং বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

কপ-৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে ১০ই নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় যান। বৃহস্পতিবার তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তারেক রহমান জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।

সম্মেলনে এক পর্যায়ে তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন বলেও বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে তার ম্যান্ডেট লাভের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।