১৮ বছর বয়সী ইকরাম হোসেন। ছোটবেলা থেকে আঁকাআঁকি শিখে ব্যানার-পোস্টার লেখার কাজ করতেন। একদিন মতিঝিলে তার দোকানে একজন ছেলে আসে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ঝাঁকড়া চুল। ছেলেটির মুখ চিনতেন ইকরাম, কয়েকদিন ধরে টানা পথে দেখছেন তাকে। তিনি সেদিন ইকরামের দোকানে কোনো ব্যানার-পোস্টারের কাজে আসেননি। গায়ের জামা খুলে একটি অভিনব অনুরোধ জানান।
“ইকরাম ভাই, আমার বুকে এখানে লিখবেন ‘স্বৈরাচার নিপাত যাক’, পিঠে এখানে লিখবেন ‘গণতন্ত্র মুক্তি পাক’।” এটি ছিল এরশাদবিরোধী আন্দোলনে সচিবালয় ঘেরাওয়ের আগের দিন। তারিখটি ৯ই নভেম্বর, ১৯৮৭।
এর পরের দিনই পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে ছেলেটির মৃতদেহ পড়ে থাকবে পুলিশ কন্ট্রোল রুমে, আর সে চিরকালের জন্য স্বৈরশাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় আইকন হয়ে থাকবে। নূর হোসেনের এসব জানা ছিল?
ইতিহাসে কিছু মানুষ থাকে, কিছু মুহূর্ত থাকে, কিছু ঘটনা থাকে, যা একেবারে আইকনিক হয়ে যায়। যুগ যুগ ধরে এই মানুষ বা এই মুহূর্তের কথা মানুষ বারবার স্মরণ করে। আনন্দে, দুঃখে, রাগে, ক্ষোভে, প্রতিবাদে, বারবার ঘুরেফিরে এইসব নাম, ঘটনা, মানুষ বা মুহূর্ত।
বাংলাদেশের ইতিহাসে এমনই একটি প্রতীক স্বৈরাচারবিরোধী আন্দোলনে উদাম শরীরে স্লোগান লিখিয়ে রাস্তায় নামা এক ছেলে। তার নাম নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর এরশাদবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার চার দশক পর আজও তিনি বাংলাদেশের মানুষের মনে দ্রোহের ও প্রতিরোধের প্রতীক হয়ে বেঁচে আছেন।
নূর হোসেনের আত্মত্যাগের দিন এবং তার আগের দিন কী কী হয়েছিল তার অনেকখানি জানা যায় কবি শামসুর রাহমান ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ‘শহীদ নূর হোসেন’ বই থেকে। এছাড়া, বিবিসির সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের প্রতিবেদনে শিল্পী ইকরাম হোসেনসহ অন্যান্য প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার থেকেও অনেক কিছু জানা যায়। এগুলোর সাথে সমসাময়িক গণমাধ্যমের প্রতিবেদন থেকে নেওয়া তথ্য থেকে এই লেখা।
যেই আন্দোলনের অংশ ছিলেন নূর হোসেন
নূর হোসেনের গল্পে বিস্তারিত যাওয়ার আগে তিনি যেই আন্দোলন বা গণঅভ্যুত্থানের অংশ ছিলেন, তা সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া দরকার। নূর হোসেন নিহত হয়েছিলেন ১৯৮৭ সালের ১০ই নভেম্বর। এটি ছিল জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের ক্ষমতার পঞ্চম বছর। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তখন সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ বিচারপতি আব্দুস সাত্তারকে সমর্থন জানিয়েছিলেন।
তবে ১৯৮২ সালের ২৪এ মার্চ এরশাদ সামরিক আইন ঘোষণা করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক বা ‘চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর’ (সিএমএলএ) ঘোষণা করেন। এরপর ১৯৮৩ সালের ১১ই এপ্রিলে হুসেইন মুহাম্মদ এরশাদ সংবিধান স্থগিত করে নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করেন।
তবে হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন তার রাষ্ট্রপতি হওয়ার আগে থেকেই শুরু হয়। প্রথম দফায় তিনি সিএমএলএ থাকা অবস্থায় শিক্ষা উপদেষ্টা মজিদ খান নতুন শিক্ষানীতি ঘোষণা করেন। সেখানে প্রাথমিক শ্রেণিতে বাধ্যতামূলকভাবে আরবি পড়ানো, উচ্চশিক্ষার ৫০ শতাংশ খরচ শিক্ষার্থী নিজে বহন করা, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের মেয়াদ বাড়িয়ে ১২ বছর করাসহ নানা নীতি ছিল। এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা, নতুন শিক্ষানীতি ও সামরিক শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার দাবিতে।
এরপর ১৯৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ সচিবালয় ঘেরাওয়ের ডাক দেয়। সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ মিছিলে গুলি চালায়। পুলিশের গুলিতে সেদিন নিহত হন দীপালি, জাফর, জয়নাল, মোজাম্মেল ও কাঞ্চন। এই দিন এখন ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পরিচিত। যদিও বেশিরভাগ মানুষের কাছে ১৪ই ফেব্রুয়ারি আসলে ‘ভ্যালেন্টাইন্স ডে’, তবু বাংলাদেশের ইতিহাসে এই দিনের মধ্যে একটি আলাদা বেদনা আছে। প্রেম-ভালোবাসার বাইরেও আছে প্রতিরোধের ও প্রতিবাদের রোমান্টিকতা।
১৯৮৩ সালে আওয়ামী লীগ পনেরটা দলের সাথে এবং বিএনপি সাতটা দলের সাথে জোট করে। এই দুই জোট এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে। তবে দল এবং জোটের বিভক্তিসহ নানা কারণে আন্দোলনের গতি ধীর হয়ে যায়।
নিজের ক্ষমতাকে আইনি ভিত্তি দিতে এবং এর পক্ষে সম্মতি উৎপাদন করতে ১৯৮৫ সালে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় গণভোটের আয়োজন করেন জেনারেল এরশাদ। ভোটের ফলাফল ৯৪ দশমিক ৫ শতাংশ যায় এরশাদের পক্ষে। গণভোটের দিন সারাদিনব্যাপী বিক্ষোভ ও ধর্মঘট পালন করে আন্দোলনরত দলগুলো। গণভোটে কারচুপির অভিযোগ আসে। আন্দোলনরত দলগুলো অভিযোগ তোলে, ভোটের ফলাফল পূর্বনির্ধারিত এবং সম্পূর্ণ বানোয়াট।
১৯৮৬ সালের মার্চ মাসে এরশাদ ঘোষণা দেন, ৭ই মে সাধারণ নির্বাচন হবে। বিএনপির নেতৃত্বাধীন সাত দলীয় জোট নির্বাচন বর্জন করে এবং দেশব্যাপী হরতাল ঘোষণা করে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন পনের দলীয় জোট প্রাথমিকভাবে নির্বাচন বর্জন করলেও পরে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন দলপ্রধান শেখ হাসিনা। এই ঘোষণার পর পনের দলীয় জোটের পাঁচটি বামপন্থি দল জোট ত্যাগ করে বিএনপির সাথে নির্বাচন বর্জনে অংশগ্রহণ করে।
নির্বাচনকে কেন্দ্র করে এরশাদ জাতীয় পার্টি নামে নতুন দল গঠন করেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে এরশাদবিরোধী আন্দোলন তখনকার জন্য দুর্বল হয়ে যায়। তবে নির্বাচনে জাতীয় পার্টি জেতার পর নির্বাচনের ফলাফল বর্জন করে আওয়ামী লীগ এবং তার পনের দলীয় জোট আবার মাঠে নামে, তখন আন্দোলন আবার বেগ পায়।
১৯৮৭ সালে মহাখালীতে এক বৈঠকের পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও বিএনপি প্রধান খালেদা জিয়া এরশাদ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। নতুন পরিসরে বিশাল আকারে আন্দোলন শুরু হয় এবার। যা আস্তে আস্তে গণআন্দোলনে রূপ নিতে থাকে।
এরপর আসে সেই দিন। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর। নূর হোসেনের দিন।
নূর হোসেনের জীবনের শেষ দু’টো মিথ্যা
শামসুর রহমান ও মতিউর রহমানের বই ‘শহীদ নূর হোসেন’ থেকে জানা যায়, নূর হোসেনের মৃত্যুর ঠিক ৩৫ বছর আগে তার বাবা মজিবুর রহমান ভাগ্য বদলাতে বরিশাল থেকে ঢাকা শহরে এসেছিলেন। তিনি যেদিন লঞ্চে করে ঢাকায় এসে পা রাখেন, সেটি কোনো স্বাভাবিক দিন ছিল না। দিনটি ছিল ১৯৫২ সালের ২১এ ফেব্রুয়ারি।
মজিবুর রহমানকে অনেকে সেদিন ঢাকা শহরে ঢুকতে মানা করেছিলেন। বলেছিলেন, শহরের অবস্থা খারাপ, ছাত্রদের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। ভাষা আন্দোলনের মিছিলে শিক্ষার্থীদের আত্মত্যাগ তাকে আলোড়িত করেছিল। তিনি হয়তো তখন ভাবতেও পারেননি যে এর সাড়ে তিন দশক পর স্বাধীন বাংলাদেশে এই ঢাকা শহরেই তার ছেলেও অধিকার আদায়ের এক মিছিলে বুক চিতিয়ে দেবে।
নূর হোসেন ছিলেন পাঁচ ভাইবোনের দ্বিতীয়। চার ভাই ও এক বোনের মধ্যে সবাই কিছু না কিছু করতেন। কেউ মিনিবাস চালক, কেউ বাসের হেল্পার, কেউ লেদ মিস্ত্রি। নূর হোসেনও গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন।
উত্তাল সেই সময়ে নিয়মিত মিটিং-মিছিলে অংশ নিতেন নূর হোসেন, যেমনটি তার বাবা মজিবুর রহমান একসময় করতেন স্বাধীনতার আগে। স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন বিরোধী দলগুলোর আন্দোলন থেকে আস্তে আস্তে গণআন্দোলনে রূপ নিলো, তখন স্বাভাবিকভাবে নূর হোসেনও সেখানে নিয়মিত অংশ নিতে থাকেন। এবং ১০ই নভেম্বর তিনি অভিনব এক প্রতিবাদের পদ্ধতি নেওয়ার সিদ্ধান্ত নেন।
সেই সময়ে মতিঝিলে পপুলার আর্ট নামের একটা প্রতিষ্ঠানে কাজ করতেন ইকরাম হোসেন নামের ১৮ বছর বয়সী এক তরুণ। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ছোটবেলা থেকে আর্ট শিখে সাইনবোর্ড, ব্যানার এসবে লেখালেখির কাজ করতেন। ১৯৮৭ সালের ৯ই নভেম্বর যখন ঢাকা শহর অবরুদ্ধ, তাড়াতাড়ি কাজ শেষ করে দোকান বন্ধ করে বাসায় ফিরতে চেয়েছিলেন ইকরাম। বিকেল চারটার দিকে তার কাছে আসে নূর হোসেন।
সেদিন নূর হোসেন ইকরামের কাছে কোনো ব্যানার-পোস্টার লেখাতে আসেননি। গায়ের জামা খুলে নূর হোসেন ইকরামকে বলেন, “আমার বুকে এখানে লিখবেন স্বৈরাচার নিপাত যাক, পিঠে লিখবেন গণতন্ত্র মুক্তি পাক’।” এভাবেই বুকে পিঠে স্লোগান নিয়ে সচিবালয় ঘেরাও করতে যাওয়ার পরিকল্পনা ছিল নূর হোসেনের।
ইকরাম প্রথমে ভয় পেয়েছিলেন, কেননা তার বড় ভাই ছিলেন প্রেসিডেন্ট এরশাদের চাপরাশি। তিনি নিজেই বড় ভাইয়ের সাথে থাকতেন বঙ্গভবনের কোয়ার্টারে। প্রথমে তিনি মানা করে দেন। নূর হোসেনকে বলেন, এটা গায়ে লিখিয়ে বাইরে গেলে পুলিশের মার খাওয়ার বা জেলে যাওয়ার সম্ভাবনা আছে। মারা যাওয়ার সম্ভাবনা আছে বলেও সতর্ক করেন তিনি।
নূর হোসেন ইকরামকে শান্ত করতে মিথ্যা কথা বলেন। বলেন, আরও একশজন এই একই স্লোগান গায়ে লিখে পরদিন কর্মসূচিতে অংশ নেবে। এটি শুনে ইতস্তত করে এক পর্যায়ে তার আর্জি পূরণ করেন ইকরাম হোসেন। এনামেল পেইন্ট দিয়ে নূর হোসেনের বুকে পিঠে স্লোগান লিখে দেন। নূর হোসেন প্রথমে দেওয়ালে চক দিয়ে লিখে দেখিয়েছিলেন, তা দেখে দেখেই তার পিঠে রংতুলি চালান ইকরাম। ভুল বানান ঠিক না করেই।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইকরাম বলেন, তিনি এমনভাবে লিখেছিলেন যাতে একশজনের মধ্যে তার লিখা স্লোগানটা আলাদাভাবে চেনা যায়। তবে নূর হোসেন তার দোকান থেকে চলে যাওয়ার অনেক পরে তিনি জানতে পারেন, কোনো একশজন ছিল না। নূর হোসেনের একার মাথায়ই গায়ে স্লোগান লেখানোর এই বুদ্ধিটা এসেছিল।
‘শহীদ নূর হোসেন’ বই থেকে জানা যায়, ১০ই নভেম্বর এই কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পর নূর হোসেন এই উত্তেজনায় ৯ই নভেম্বর রাতে বাসায়ই ফেরেননি। বুকে-পিঠে স্লোগান লিখিয়ে ঘুমিয়ে ছিলেন এক নির্মাণাধীন মসজিদের দোতলায়।
ভোরবেলা নূর হোসেনের বাবা-মা তাকে দেখতে পান মসজিদে, দেখেন বুকে-পিঠে কী যেন লেখা। জিজ্ঞেস করতেই নূর হোসেন গায়ে কাঁথা জড়িয়ে নেন। উত্তর দেন, পরদিন ফুটবল ম্যাচ আছে, সেইজন্যে লিখেছেন। এটিই ছিল তার জীবনের শেষ মিথ্যা কথা।
নূর হোসেনকে তার বাবা-মা নিষেধ করেছিলেন সচিবালয় ঘেরাওয়ে যেতে। তারা আশঙ্কা করেছিলেন, সচিবালয় ঘেরাওয়ের সময় অনেক গণ্ডগোল হতে পারে। যেমনটা আমরা এখন জানি, তাদের ভয় পুরোপুরি সঠিক ছিল। তবে নূর হোসেন সেই বিপদ অনুমান করতে পেরেছিলেন কিনা, তা হয়তো কখনোই জানা যাবে না।
বাবা-মায়ের মানা উপেক্ষা করেই কর্মসূচিতে যান নূর হোসেন। মিছিল জিরো পয়েন্টে পৌঁছুতেই পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে গুলি চালায়। নিহত হন নূর হোসেন, নুরুল হূদা বাবুল এবং আমিনুল হূদা টিটু।
সেদিন শাহবাগে পুলিশ কন্ট্রোল রুমে কয়েকজন রাজবন্দি আটক ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিবিসির সাংবাদিক মোয়াজ্জেম হোসেন। তখন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।
তিনি লেখেন, সেদিন শাহবাগের পুলিশ কন্ট্রোল রুমের এক সেলে পড়ে ছিল কয়েকটি রক্তাক্ত দেহ। মোয়াজ্জেম হোসেন ছিলেন পাশের সেলে। সেখান থেকে শোনা যাচ্ছিল আহত মানুষের মরণ চিৎকার। উঁকি দিয়ে তারা বুঝতে পারছিলেন না, পড়ে থাকা ব্যক্তিদের মধ্যে কারা জীবিত আর কারা মৃত। একজনের ওপর আরেকজনের রক্তাক্ত দেহের সেই দৃশ্য তাকানোর মতো ছিল না মোয়াজ্জেম হোসেনের ভাষ্যে। তবে সেই স্তুপের মধ্যে একজনকে আলাদাভাবে চোখে পড়ছিল, যার বুকে-পিঠে স্লোগান লেখা। তার প্রতিবেদন থেকে আরও অনেক প্রত্যক্ষদর্শীর গল্প জানা যায়।
তাদের মধ্যে একজন এনায়েত কবীর, যিনি তখন ‘সচিত্র সন্ধানী’ ম্যাগাজিনের আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। জিরো পয়েন্টে তিনি নূর হোসেনকে জীবিত অবস্থায় দেখেছিলেন। এরপর এনায়েত কবীরকে পুলিশ আটক করে নিয়ে যায় শাহবাগে কন্ট্রোল রুমে। সেখানে গিয়ে তিনি আবার নূর হোসেনকে দেখতে পান। রক্তাক্ত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায়, অন্যান্য মানুষের শরীরের স্তুপে।
মোয়াজ্জেম হোসেনের প্রতিবেদনে লেখা হয়েছে, সেদিন নূর হোসেনের ছবি যে গুটিকয়েক আলোকচিত্রী তুলেছিলেন, তাদের মধ্যে ছিলেন ফটোসাংবাদিক পাভেল রহমান। তখন তিনি কাজ করতেন নিউ নেশনে। মিছিলে তার গা ঘেঁষে চলে গিয়েছিলেন নূর হোসেন। তার ভাষ্যে, নূর হোসেনকে দেখে তার হৃদস্পন্দন বেড়ে যায়, তিনি যেন এক চলমান পোস্টার। তিনি দু’টি ছবি তোলেন, একটা হরাইজন্টাল, একটা ভার্টিকাল। ছবিটি ছাপানোর পর ব্যাপক সাড়া পড়ে। তিনি খবর পান, এই ছবি দেখে এরশাদ ক্ষিপ্ত হয়েছিলেন। তাকে গা ঢাকা দিতে হয়।
পাভেল রহমান মোয়াজ্জেম হোসেনকে বলেন, "একটি ছবি লক্ষ শব্দের চেয়ে শক্তিশালী। এই ছবিটি যেন সেটাই প্রমাণ করলো। নূর হোসেনকে দেখেই আমি চমকে গিয়েছিলাম। নিজের গায়ে স্লোগান লেখার ঘটনা এর আগে আমি কখনো দেখিনি। সেদিন আমি কি করে ক্যামেরা তুলেছি, কি করে শাটার চেপেছি, একবার ভার্টিক্যাল, একবার হরাইজন্টাল করে ছবি তুলেছি, আমি এখনো বুঝতে পারি না, এত দ্রুত সব ঘটে গিয়েছিল।"
এদিকে নিজেকে দায়ী করছিলেন শিল্পী ইকরাম হোসেন। ১১ই নভেম্বর বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে তাকে তার এক বন্ধু এসে বলে, তিনি যার গায়ে স্লোগান লিখেছিলেন, সেই ছেলেটা মারা গেছে। ইকরামের হাত পা ঠাণ্ডা হয়ে আসে, অজ্ঞান হয়ে পড়ার মতো অবস্থা হয়। বাসার কাছেই দৈনিক ইত্তেফাক ও ইনকিলাবের কার্যালয়ে গিয়ে সেখানে ছাপা ছবি ও খবর দেখে ইকরাম বুঝতে পারেন, নূর হোসেন মারা গেছেন। তিনি মোয়াজ্জেম হোসেনকে বলেন, "আমার মনে হলো, নূর হোসেন নিহত হওয়ার জন্য আমিই দায়ী। আমার জন্যই ছেলেটা মারা গেছে।"
তার ভাই এরশাদের চাপরাশি, গোয়েন্দা-পুলিশ সাংবাদিক সবাই তখন খুঁজছে নূর হোসেনের গায়ে স্লোগান লেখা ব্যক্তিকে। পরিবারের নিরাপত্তার স্বার্থে তিন বছর আত্মগোপনে থাকেন ইকরাম হোসেন। তিনি নিজেকে দায়ী করেছিলেন নূর হোসেনের মৃত্যুর জন্য। তার মনে হয়েছিল, তার লেখা স্লোগান গায়ে লেপ্টে গিয়েছিলেন বলেই তাকে গুলি করা হয়েছে।
তবে স্লোগান গায়ে লেখা থাকার কারণে যদি একজনকে গুলি করে হত্যা করা হয়, তাহলে তার জন্যে আসলে কে দায়ী? সেই ব্যক্তি, যিনি গায়ে স্লোগান লিখিয়েছিলেন? সেই শিল্পী, যিনি স্লোগানটি লিখেছিলেন? সেই রাষ্ট্রীয় বাহিনীয় সদস্য, যিনি ট্রিগার চেপেছিলেন, নাকি সেই সরকার ব্যবস্থা, যা আন্দোলনরত মানুষের ওপর গুলি চালানোর আদেশ দিয়ে দিয়েছিল?
গণতন্ত্র কি মুক্তি পেয়েছিল?
১৯৯০ সালে জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ আন্দোলনের মুখে পদত্যাগ করেন। নূর হোসেনের ইচ্ছা পূরণ হয়। নূর হোসেন আন্দোলন করেছিলেন গণতন্ত্রের জন্য। তার মৃত্যুর পর বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছিল তা বললে ভুল হবে না। তবে তা টিকে ছিল কয়দিন?
এরপর যুগে যুগে ভোটের অধিকার, সড়কে নিরাপদভাবে চলাচলের অধিকার, চাকরিতে সমান সুযোগের অধিকার এবং স্বাধীনভাবে, মুক্তভাবে, মানুষের মতো বাঁচার অধিকারের জন্য বারবার রাস্তায় নামতে হয়েছে বাংলাদেশের মানুষকে। নূর হোসেনের ত্যাগের ফলে গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য নূর হোসেন যে বিপ্লবের, প্রতিরোধের এবং দ্রোহের প্রতীক হয়ে গেছিলেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এরপর বিভিন্ন আন্দোলনে বিভিন্ন কারণে অনেককেই গায়ে স্লোগান লিখে রাজপথে নামতে দেখা গেছে।
১৯৮৭ সালের ১৬ই ডিসেম্বর প্রকাশিত কবি শামসুর রাহমান কবিতার শেষ কয়েকটি লাইন এক্ষেত্রে প্রাসঙ্গিক:
“যেন সে নির্ভীক যোদ্ধা, যাচ্ছে রণাঙ্গনে। উদোম শরীরে নেমে আসে রাজপথে, বুকে-পিঠে রৌদ্রের অক্ষরে লেখা অনন্য শ্লোগান, বীরের মুদ্রায় হাঁটে মিছিলের পুরোভাগে এবং হঠাৎ, শহরে টহলদার বন্দুকের সীসা নূর হোসেনের বুক নয়, যেন বাংলাদেশের হৃদয় ফুটো করে দেয়; বাংলাদেশ বনপোড়া হরিণীর মতো আর্তনাদ করে, তার বুক থেকে অবিরল রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে।”
২০০৫ সালের ৫ই মার্চ নূর হোসেনের বাবা মজিবুর রহমান মারা যান। নূরের ভাই আলী হোসেন এক সাক্ষাৎকারে বলেন, মারা যাওয়ার কয়েকদিন আগে আলী হোসেনকে তিনি দুঃখ করে বলেছিলেন, “নূর যা চেয়েছিল, তা তো হলো। স্বৈরতন্ত্র নিপাত গেল। এখনো কেন দেশে এত হানাহানি, সন্ত্রাস? গণতন্ত্র তো মুক্তি পেল না।”
গণতন্ত্রের আন্দোলনে একমাত্র শহীদ নূর হোসেন নন। যুগে যুগে অধিকার আদায়ের আন্দোলনে এমন অনেক নূর হোসেনের রক্তে লাল হয়েছে বাংলাদেশের মাটি। তবে নূর হোসেনের বাবার সেই দুঃখভরা বাক্যটির প্রতিধ্বনি বারবার শোনা যায় এই ভূখণ্ডে, “গণতন্ত্র তো মুক্তি পেল না।” আর কত নূর হোসেন বন্দুকের সামনে বুক চিতিয়ে দিলে গণতন্ত্র মুক্তি পাবে?