মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নাম্বারপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে নাম্বারপ্লেট লাগানোর ক্ষেত্রে বাস্তব সমস্যার কথা বিবেচনা করে ১৫ই নভেম্বরের সময়সীমা বাড়িয়ে ৩১এ ডিসেম্বর করা হয়েছে। বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়।
বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫০ লাখ মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে। নিবন্ধিত মোট ৬৮ লাখ যানবাহনের প্রায় ৭৪ শতাংশ মোটরসাইকেল।
এর আগে ১৫ই নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নাম্বারপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছিল বিআরটিএ। এ নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছিল।
নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে নাম্বারপ্লেট তৈরি করে লাগাতে হবে। এক্ষেত্রে স্কুটারের নাম্বারপ্লেটের মাপ হতে হবে ২০০ মিলিমিটার বাই ১০০ মিলিমিটার এবং মোটরসাইকেলের ক্ষেত্রে ২৮৫ মিলিমিটার বাই ৫০ মিলিমিটার। প্লেটে লেখা বাংলা অক্ষর ও সংখ্যা অন্তত ২০ মিলিমিটার আকারের হতে হবে।
এমনকি নাম্বারপ্লেটটি স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। তবে কোনো ধরনের নকশা বা সাজসজ্জা কোনভাবেই করা যাবে না।
বর্তমান সড়ক পরিবহন আইন অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ (আরএফআইডি) প্রযুক্তিসংবলিত রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট লাগানো বাধ্যতামূলক।