মুক্তিযোদ্ধা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন

মুক্তিযোদ্ধা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বনানীর নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোক করেন শফিকুর রহমান। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

তিনি ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুই বার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৩রা জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ই অগাস্ট পর্যন্ত তিনি জাতীয় সংসদে ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করেন।

১৯৪৯ সালের ২৫এ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন মুহম্মদ শফিকুর রহমান।

তিনি ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদরাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। তিনি সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুইবার দায়িত্ব পালন করেন। এছাড়া বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির চেয়ারম্যান ও প্রধান সম্পাদক এবং সেক্টর কমান্ডারস ফোরামের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।