রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দ্রুত তদন্তের দাবি সিপিজের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। মঙ্গলবার ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পাশাপাশি এই হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বানও জানায় সংগঠনটি।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে সিপিজে জানায়, ৪ঠা অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সংবাদ সংগ্রহের সময় ‘দ্য ডেইলি স্টার’, ‘সমকাল’, বিডিনিউজ২৪ ডটকম ও ‘আগামীর সময়’-এর চার ক্যাম্পাস সাংবাদিককে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। আহত চার সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। সিপিজে বলেছে, হামলার ভিডিও ফুটেজ থাকার খবর পাওয়া গেলেও ৫ই অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে।

ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

চলতি বছরের ৪ঠা অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।