ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি'র দাম কেজিতে ২১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এতে বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭ টাকায়। এতোদিন দাম ছিলো ১ হাজার ৫৮৫ টাকা।
রবিবার বিইআরসি নতুন এই দর ঘোষণা করে, যা সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিলো ১৩ টাকা। প্রতি কেজি এলপিজির দর নির্ধারিত হয়েছে ১৫৩ টাকা ৬ পয়সা, আগে ছিলো ১৩২ টাকা ১২ পয়সা।
যানবাহনে ব্যবহৃত এলপিজি যা অটোগ্যাস নামে পরিচিত, তার দাম প্রতি লিটারে ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে।
তবে সরকারি প্রতিষ্ঠানের সরবরাহ করা সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকায় অপরিবর্তিত আছে।
২০২১ সালের এপ্রিল মাস থেকে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।