শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের সামনে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে রাখা এবং তাকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

৩রা অক্টোবর দুপুরে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬ এর কর্ম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

অধিবেশনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কখন প্রত্যর্পণ করবে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘হাসিনাজিকে আইএএফ (ভারতীয় বিমানবাহিনী) বা ভারতের সেনাবাহিনী নিয়ে আসেনি। ওই সময় বাংলাদেশের বিয়োগান্তক ঘটনার কারণে তিনি এসেছিলেন। এমন ঘটনা সংগঠিত হওয়া উচিত ছিল না, যেখানে নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছেন। বাংলাদেশের সামরিক বিমানে তাকে ভারতে নেওয়া হয়েছিল।’

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যখন ঢাকা ত্যাগ করেন, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারত এই পরিস্থিতিটির জন্য প্রস্তুত ছিলো না। আমরা যদি তাকে অবতরণের অনুমতি না দিতাম, তবে একদম অন্য রকম এক পরিস্থিতির সৃষ্টি হতো।’

তবে বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানান তিনি। তার মতে, এই প্রক্রিয়ায় আদালতও যুক্ত রয়েছে। তাই শেখ হাসিনাকে ঘিরে পরবর্তী সিদ্ধান্ত কবে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়। 

দুই দেশের সম্পর্ক নিয়ে জানতে চাইলে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সিদ্ধান্তও তাই স্বাধীনভাবে নেবে, কোন দেশের সঙ্গে সম্পর্ক করবে, রাখবে, তা একান্তই এ দেশের মানুষের আর সরকারের সিদ্ধান্ত। সত‍্যিকারের প্রতিবেশী কোনো অভ‍্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেন তিনি।