কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল শিখা ইন-এ আগুন লেগে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে।

পাঁচ জনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে ও একজনের মরদেহ সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে পৌঁছায়। আরেকজনের মরদেহ তার পরিবারের ইচ্ছানুযায়ী শনিবার কলকাতায় দাহ করা হয়েছে।

শনিবার বিকালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে পাঁচজনের মরদেহ বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

তারা হলেন কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও  মোঃ আকরাম আলী। আরেকজন ঢাকার আমিনবাজারের বাবু আহমেদ।

সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে পৌঁছায় সকালে। একই জেলার রেপতি সরকারের মরদেহ কলকাতায় সৎকার করা হয়েছে।

ঘটনার পর থেকে পরিচয় নিশ্চিত করা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহগুলো দেশের পাঠানোর বন্দোবস্ত করেছে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন।