বুকার জিতল এম জন হ্যারিসনের উপন্যাস

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে রহস্যময় পৃথিবীর ভবিষ্যত নিয়ে লেখা ‘দ্য এন্ড অব এভরিথিং’ এর জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন।

ইতিহাসে তিনি সবচেয়ে বেশি বয়সে বুকার পুরস্কার পেলেন।  হ্যারিসনের বয়স ৮১ বছর।  পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন ৫০ হাজার পাউন্ড।

সোমবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তার নাম বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। ব্রিটিশ সায়েন্স ফিকশন সাহিত্যের অভিজ্ঞ এই লেখকের এমন স্বীকৃতি প্রাপ্য বলে মনে করছিলেন সাহিত্য সমালোচকেরা।

বুকার পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান মেরি বিয়ার্ড বলেন, “উপন্যাসটির অসাধারণ লেখার স্টাইল ও বিষয়বস্তুর গভীরতা বিচারকদের মুগ্ধ করেছে। ছয়টি উপন্যাস নিয়ে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে হ্যারিসনকে বিজয়ী করা হয়।”

বিয়ার্ডের বলছেন, বইটি পাঠককে প্রচলিত চিন্তার বাইরে নিয়ে যায়। একই সঙ্গে অস্বস্তি ও ব্যঙ্গাত্মক হাসির জন্ম দেয়।

উপন্যাসটিতে বর্তমান সময়ের বিভিন্ন সংকটের ইঙ্গিত আছে। এর মধ্যে আছে ব্রেক্সিট, করোনাভাইরাস মহামারি এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব। তবে লেখক সরাসরি কোনো বিপর্যয়ের ব্যাখ্যা দেননি। বরং বিপর্যয়ের পর মানুষ কীভাবে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়, সেটিই তুলে ধরেছেন।

১৯৪৫ সালে ইংল্যান্ডের রাগবি শহরে জন্ম নেওয়া হ্যারিসন দীর্ঘদিন ধরে সায়েন্স ফিকশন সাহিত্য নিয়ে কাজ করছেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ভিরিকোনিয়াম’ সিরিজ এবং ‘লাইট’।

বুকার পুরস্কারের জন্য এবার মোট ১৬৩টি উপন্যাস বিবেচনা করা হয়। সেখান থেকে ছয়টি বই চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়।

বিচারকদের আলোচনায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবও বিশেষ গুরুত্ব পেয়েছে। তারা এমন সাহিত্যকর্মকে গুরুত্ব দিতে চেয়েছেন, যেগুলোর স্বতন্ত্র মানবিক বৈশিষ্ট্য রয়েছে।

বিচারক প্যানেলের প্রধান মেরি বিয়ার্ড বলেন, ভবিষ্যতে প্রকাশনা ও লেখালেখিতে এআইয়ের ভূমিকা নিয়ে আলোচনা এড়ানোর সুযোগ নেই। তার ভাষায়, ‘এ নিয়ে চোখ বন্ধ করে থাকা সম্ভব নয়।’

গত বছর ব্রিটিশ-হাঙ্গেরীয় লেখক ডেভিড সালাই তাঁর ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতেছিলেন।