কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন ২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে সুইডিশ একাডেমি অ্যান কারসনের নাম ঘোষণা করে।
সুইডিশ একাডেমি বলছে, সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ তৈরি করতে গিয়ে ধ্রুপদি সাহিত্যের সঙ্গে তার “সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্ম” এবং সৃজনশীল সংলাপের স্বীকৃতি হিসেবে কারসনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সুইডিশ একাডেমির স্থায়ী সচিব ইনগ্রিড কার্লবার্গ জানান, কারসন যখন পুরস্কার পাওয়ার খবর পান, তখন তিনি আইসল্যান্ডে ছিলেন এবং “বাতাসের শব্দ শুনছিলেন”।
কার্লবার্গ বলেন, “তিনি খুবই বিস্মিত হয়েছিলেন।”
অ্যান কারসনের উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ইরোস দ্য বিটারসুইট (১৯৮৬), অটোবায়োগ্রাফি অব রেড (১৯৯৮), দ্য বিউটি অব দ্য হাসবেন্ড (২০০১) ও নক্স (২০১০)।
অ্যান কারসনের পুরো নাম অ্যান প্যাট্রিসিয়া কার্সন। তিনি জন্মগ্রহণ করেন ২১এ জুন ১৯৫০ সালে, কানাডার টরন্টো, অন্টারিওতে। কর্মজীবনে কবিতা লেখা, অনুবাদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজ একসঙ্গে করেছেন।