তীব্র ভূমিকম্প এবং সুনামি সতর্কতায় সোমবারের সকালটা আতঙ্ক নিয়ে শুরু করেছেন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে মিনদানাও দ্বীপের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর এক ঘণ্টারও বেশি সময় ধরে একের পর এক আফটারশক বা পরাঘাত অনুভূত হয়।
মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে ভবন, দুলতে থাকে সড়কে চলমান যানবাহন, আর উপকূলজুড়ে ছড়িয়ে পড়ে সুনামির আশঙ্কা।
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা, আর এর প্রভাব ছড়িয়ে পড়েছে এশিয়ার বিভিন্ন দেশে।
ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, জাপান ও ইন্দোনেশিয়াসহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিনদানাওয়ের জেনারেল সান্তোস শহরে একটি তিনতলা ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। ভবনটিতে জনপ্রিয় ফাস্টফুড চেইন জোলিবির একটি রেস্টুরেন্ট ছিল। ধ্বংসস্তূপের ধুলোয় ঢেকে যায় আশপাশের এলাকা, আর আতঙ্কে ছুটতে থাকেন স্থানীয়রা।
এছাড়া বিভিন্ন এলাকায় ভবনের ছাদ ধসে পড়া, জানালার কাচ ভেঙে যাওয়া এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছে ফিলিপাইন সরকার।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জানিয়েছেন, সিভিল ডিফেন্স অফিস এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তিনি উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সুনামি সতর্কতাকে গুরুত্ব দিয়ে অবিলম্বে উঁচু স্থানে চলে যেতে হবে। জীবন রক্ষাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।”
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ফিলিপাইনের কিছু উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।
এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কয়েকটি অঞ্চলেও বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কা রয়েছে। ইন্দোনেশিয়া উত্তর সুলাওয়েসি ও গোরোন্তালো অঞ্চলের উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে।
এদিকে জাপানের ওকিনাওয়াসহ দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে।



