পাঁচ থেকে সাতদিনের মধ্যেই রামিসা হত্যার বিচারের প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২৪ মে ২০২৬, ০৩:২৪ পিএম

পাঁচ থেকে সাত দিনের ভেতরেই রামিসা ধর্ষণ ও হত্যার বিচার শেষ হবে বলে প্রত্যাশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি, আজকের মধ্যে চার্জশিট প্রদান করা হবেই। কোর্টে সম্ভবত পাঁচ থেকে সাতদিনের ভেতরে এর বিচারকার্য সমাপ্ত হবে।”

রামিসা হত্যার বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সরকারের অনত্যম অগ্রাধিকার বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সরকারের তরফ থেকে যা যা করণীয় করা হচ্ছে। আদালতও সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করেন মন্ত্রী।

তিনি বলেন, “আদালতের বিষয় আমরা বিস্তারিত বলতে পারবো না, আমাদের এখতিয়ার নাই। কিন্তু আমরা নিশ্চিত যে মাননীয় আদালত প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে, চার্জশিট দেখে এবং এভিডেন্স ওয়ান সিক্সটি ফোর এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নিবেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”