মাঠে গড়ালো অ্যাম্বাসি ফুটবল ফেস্টের ষষ্ঠ আসর

দ্বিপাক্ষিক সম্পর্ক, দেন-দরবার আর দর কষাকষিতে ব্যস্ত থাকা কূটনীতিকরা মাঠে নামলেন ফুটবল পায়ে। নিজেদের মধ্যে সম্পর্ক ঝালিয়ে নিতে এ যেন ভিন্ন রকম আয়োজন।

ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ‘অ্যাম্বাসি ফুটবল ফেস্ট’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের এর আয়োজন করেছে গেমপ্লে লিমিটেড।

শুক্রবার সকালে ঢাকার উত্তরায় এপিবিএন মাঠে ষষ্ঠ আসরের উদ্বোধন হয়। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মুঃ নজরুল ইসলাম প্রতিযোগিতায় অংশ নেওয়া দূতাবাস ও সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।

ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো নিজেও নেমে পড়েন দলের হয়ে। তিনি আলাপকে বলেন, “স্পোর্টস ডিপ্লোমেসি পারস্পরিক সংলাপ ও বোঝাপড়া বাড়ানোর একটি মাধ্যম। সব পার্থক্য ও সংঘাত ভুলে একসাথে থাকার জন্য খেলাধুলা একটি বড় মাধ্যম।”

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, “এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের দূতাবাস কাছাকাছি আসার সুযোগ পাচ্ছে। এটি পারস্পারিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করবে।”

আয়োজনের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন সৌদি আরব এবারও ট্রফি জিতে নিতে প্রত্যয়ী।

এই ধরনের আয়োজন বাংলাদেশের সফট ডিপ্লোমেসিতে কাজে লাগতে পারে বলে মনে করেন গেমপ্লে লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল তিতুমীর। তিনি বলেন, “এই ধরনের আয়োজন বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলে একটি ইতিবাচক বার্তা দেবে।”

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৩৫টি দল। আট গ্রুপের ৪৩টি ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে শনিবার। এবারের আয়োজনের ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে আছে ‘আলাপ’।