প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ঐতিহাসিক ম্যাচে। মাঠে খেলছে দুই দলের ২২জন। কিন্তু মাইক্রোফোনে একাই খেলছি আমি! মাঠে আজ দেখা যাচ্ছে এক অপূর্ব দৃশ্য—ঘাস আছে, তবে ঘাসের মাঝে মাঝে একটু মাঠও আছে। আর আকাশ? আহা, কী নির্মল! এত নির্মল যে তাকালেই চোখে জল এসে যাচ্ছে।
স্টেডিয়াম ভর্তি দর্শক। কেউ খেলা দেখতে এসেছে, কেউ এসেছে ছবি তুলতে, আর বাকিরা কেন এসেছে সেটাও তারা নিজেরা জানে কিনা সন্দেহ। গ্যালারির এক কোণায় একজন ভদ্রলোক এত জোরে চিৎকার করছেন যে বোঝা যাচ্ছে, তার দলে কে খেলছে সেটা তিনি ভুলে গেছেন, কিন্তু চিৎকার করতে আসলেই ভালোবাসেন।
এখন খেলায় ফিরি। বল এখন মাঝমাঠে। একজন খেলোয়াড় কি যেন নাম পড়া যাচ্ছে না বলটাকে পা দিয়ে এমনভাবে ঠেলে দিলেন, যেন বল না, এটা তার ছোটবেলার অপূর্ণ স্বপ্ন। বল গড়াতে গড়াতে এগোচ্ছে, আর সঙ্গে সঙ্গে বাতাসও গড়াচ্ছে—যদিও সেটা দৃশ্যমান নয়। বলের গতি এত দ্রুত যে মনে হচ্ছে সে নিজেই জানে না কোথায় যাচ্ছে।
একজন খেলোয়াড় বলটি ধরে সামনে এগোচ্ছেন, সঙ্গে তিনজন প্রতিপক্ষও এগোচ্ছেন—তবে তারা বলের দিকে নয়, খেলোয়াড়ের দিকে। এটা ফুটবল না হয়ে যেন ‘ধরা পড়লে বাঁচা নাই’ খেলা হয়ে গেছে। তিনি পাস দিলেন! কিন্তু পাসটা এমন জায়গায় গেল, যেখানে তার দলের কেউ নেই—এটা হয়তো দর্শকদের জন্য একটি রহস্য রচনা।
মাঠের এক পাশে একজন খেলোয়াড় হোঁচট খেয়ে পড়ে গেছেন—তিনি নিজেই অবাক! রেফারি দৌড়ে এলেন, দেখে গেলেন, কিছুই হয়নি, তারপর এমন একটা মুখ করে চলে গেলেন যেন তিনিই পড়ে গিয়েছিলেন। ভদ্রতা বলেও একটা জিনিস আছে, না?
এখন বলটা আরেক পক্ষের দখলে। এই দলের প্লেয়ারদের নামও বাংলায় নয় তা পড়ে শোনাতে পারছি না। আর এদের নামের কি অর্থ তাও জানি না। খেলোয়ার এগোচ্ছেন, ডান, বাম, ডান—এ যেন ফুটবল না, নাচের মহড়া। সামনে গোলপোস্ট। তিনি শট নিলেন! বল উড়লো এমন উচ্চতায় যে মনে হচ্ছে সে আকাশে গিয়ে একটু হাওয়া খেয়ে আসবে। গোলপোস্টের উপরে দিয়ে বল চলে গেল, আর গোলকিপার এমনভাবে তাকিয়ে আছেন যেন বল তাকে অপমান করে চলে গেছে।
দর্শকরা চিৎকার করছে—কেউ “গোল!” বলছে, কেউ “হায়!” বলছে, আর কেউ বলছে “ওইটা কে শট দিল?”—সব মিলিয়ে এক অপূর্ব শব্দসমারোহ। এক শিশুকে দেখা যাচ্ছে বাবার কাঁধে বসে খেলা দেখছে, যদিও সে মোবাইলে কার্টুন দেখছে—প্রজন্মের পরিবর্তন!
মাঠের আবহাওয়া এখন একটু বদলেছে। বাতাসে এক ধরনের উত্তেজনা, সঙ্গে একটু ভাজা বাদামের গন্ধ, যা পাশের স্টল থেকে ভেসে আসছে। খেলার মাঝে মাঝে মনে হচ্ছে আমরা বাদাম খাওয়ার প্রতিযোগিতায় আছি।
এখন আবার খেলা। বলটি আবার মাঝমাঠে। একজন খেলোয়াড় বল নিয়ে এমনভাবে ঘুরছেন, যেন তিনি নিজের হারানো তাল খুঁজছেন। পাস দিলেন—এবার ঠিক জায়গায়! আরে বাহ! দর্শকরা হাততালি দিচ্ছে, যেন এটাই আজকের সবচেয়ে বড় অর্জন।
গোলের সুযোগ! একজন খেলোয়াড় একদম একা—তিনি শট নিতে যাচ্ছেন… শট নিলেন… বল গেল… কিন্তু সরাসরি গোলকিপারের হাতে! গোলকিপার বলটা এত সহজে ধরলেন, যেন তিনি প্রতিদিন এমন বল দিয়ে সকাল বেলা চা খান।
রেফারি বাঁশি বাজালেন—হাফটাইম। খেলোয়াড়রা মাঠ ছেড়ে যাচ্ছেন, কেউ হাঁটছেন, কেউ দৌড়াচ্ছেন, আর কেউ এমনভাবে হাঁটছেন যেন তিনি এইমাত্র একটি উপন্যাস লিখে শেষ করেছেন। দর্শকরা তখনো চিৎকার করছে, কেউ বুঝে, কেউ না বুঝে।
প্রিয় দর্শকবৃন্দ, খেলায় আপাতত বিরতি, তারপরও ধারা ভাষ্যকার কিন্তু থেমে থাকবে না।
কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি আছি, মাইক্রোফোন আছে, আর কথা তো ফুরানোর নয়! মাঠে এখন খেলোয়াড়রা বিশ্রামে, কিন্তু গ্যালারিতে খেলা আরও জমজমাট। আমি যা দেখতে পাচ্ছি তা বলবো যা দেখা যাচ্ছে না তাও বলবো সঙ্গে থাকুন।
দেখা যাচ্ছে একদল দর্শক উঠে স্টেডিয়ামের করিডোরে হাঁটছেন—এরা মূলত দুই ধরনের: একদল খেতে গেছে, আরেক দল খেয়ে এসে আবার খেতে যাচ্ছে। বাদাম, চিপস, ঠাণ্ডা পানীয়—সবকিছুর উপর এমন আক্রমণ চলছে, যেন দ্বিতীয়ার্ধে এগুলোই মাঠে নামবে।
মাঠের ভেতরে এখন ঘাসের উপর একটু শান্তি নেমেছে। এইমাত্র যে জায়গায় ছয়জন খেলোয়াড় একসাথে বলের পিছনে দৌড়াচ্ছিলেন, সেখানে এখন একাকী একটা বল পড়ে আছে—মনে হচ্ছে সে নিজেই ভাবছে, “আমি এত গুরুত্বপূর্ণ কেন?”
গোলপোস্ট দুটোও যেন একটু স্বস্তিতে। প্রথমার্ধে যেভাবে বলগুলো পাশ কাটিয়ে গেছে, তাতে তারা বুঝেছে—আজ তাদের খুব একটা কষ্ট করা লাগবে না। গোলকিপাররাও বেঞ্চে বসে এমনভাবে গল্প করছেন, যেন তারা পিকনিক করতে এসেছেন।
আকাশের দিকে তাকালে মনে হচ্ছে সে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি—রোদ দেবে, না বাতাস দেবে। মাঝে মাঝে এক ঝাপটা বাতাস এসে গ্যালারিতে বসা দর্শকদের চুল এলোমেলো করে দিয়ে যাচ্ছে—যাদের চুল নেই, তাদের মাথাও এলোমেলো করে দিচ্ছে, মানে অনুভূতিটা।
এবার গ্যালারির এক কোণায় নজর দেওয়া যাক—একদল দর্শক নিজেদের মধ্যে তর্ক করছেন, কোন দল ভালো খেলছে। আশ্চর্যের বিষয় হলো, তারা কেউই পুরো ম্যাচ দেখেননি, কিন্তু বিশ্লেষণ এমন দিচ্ছেন যেন কোচ তারাই। একজন তো বলেই ফেললেন, “আমাকে নামালে আমি দুইটা গোল দিতাম!” পাশের বন্ধু বললো, “আগে দৌড়াতে শিখে আসো।”
মাঠ পরিচর্যার কর্মীরাও এখন সক্রিয়। তারা এমনভাবে মাঠে পানি দিচ্ছেন, যেন মাঠ না, এটা একটা বিশাল ফুলের টব। পানি দেওয়ার পর একজন আরেকজনকে বললেন, দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা যেন স্লাইড করে মজা পায়!
এদিকে বড় স্ক্রিনে রিপ্লে দেখানো হচ্ছে। প্রথমার্ধের সেই শট—যেটা গোল হওয়ার সব প্রস্তুতি নিয়েছিল, কিন্তু শেষে গোলকিপারের হাতে গিয়ে আত্মসমর্পণ করেছে—দর্শকরা সেটা দেখে আবারও “ইশ!” বলে উঠছে। কিছু দর্শক ভাবছে, “এইটা যদি ঢুকত!”
প্রিয় দর্শক, দয়া করে কেউ মাঠে কিছু নিক্ষেপ করবেন না।
অন্যদিকে, কোচরা ড্রেসিং রুমে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন—কেউ বলছেন “ফোকাস!”, কেউ বলছেন “পাস দাও!”, আর কেউ হয়তো চুপ করে ভাবছেন, “আমার লাইফে আমি কী করছি!”
বিরতির শেষ মুহূর্তে আবার মাঠে নড়াচড়া শুরু হয়েছে। খেলোয়াড়রা ফিরছেন—কেউ সতেজ, কেউ ভাবছে “আরও ৪৫ মিনিট!” দর্শকরা আবার নিজেদের আসনে বসছে, বাদামের খোসা রেখে যাচ্ছে ইতিহাস হিসেবে।
আর আমরা ফিরে আসছি দ্বিতীয়ার্ধে—দেখা যাক, কর্দমাক্ত আকাশ কি এবার গোলের বৃষ্টি নামায়, নাকি আবারও বল নিজেই নিজের সাথে খেলা করে!
দলগুলো জায়গা বদলেছে, যদিও খেলাটা একই জায়গায় রয়ে গেছে। বল আবার গড়াচ্ছে, খেলোয়াড়রা দৌড়াচ্ছে, আর আমি বলছি—কারণ এটাই আমার কাজ।
একজন খেলোয়াড় বল নিয়ে এগোচ্ছেন, হঠাৎ তিনি থেমে গেলেন—কেন থামলেন, তা তিনি নিজেও জানেন না। প্রতিপক্ষ এসে বল নিয়ে গেল—এ যেন জীবনের প্রতিচ্ছবি।
শেষ মুহূর্ত। স্কোর এখনো শূন্য-শূন্য। কিন্তু উত্তেজনা পূর্ণ। একজন খেলোয়াড় শেষ চেষ্টা করছেন—শট নিলেন! বল গোলপোস্টে লেগে ফিরে এলো! আবার শট! এবার গোল!!! কিন্তু না! অফসাইড! দর্শকরা এখন রেফারিকে এমনভাবে দেখছে, যেন তিনি তাদের ব্যক্তিগত শত্রু।
শেষ বাঁশি। খেলা শেষ। স্কোরলাইন বলছে কিছু হয়নি, কিন্তু আমরা জানি অনেক কিছু হয়েছে। মাঠে খেলোয়াড়রা হাত মেলাচ্ছেন, কেউ হাসছেন, কেউ ভাবছেন, “আজ কী হলো?”
আজকের এই খেলা আমাদের মনে করিয়ে দিল, ফুটবল শুধু খেলা নয়, এটি একটি অভিজ্ঞতা—যেখানে বল গড়ায়, মানুষ দৌড়ায়, আর ধারাভাষ্যকার গল্প বানায়।
ধন্যবাদ সবাইকে। আবার আসবো নতুন কোনো কর্দমাক্ত আকাশ নিয়ে!