শ্রদ্ধা

দুঃখগাঁথায় ‘শুকু আপা’

‘শুকু আপা ভাল নাই’, সহকর্মী জিজ্ঞেস করেন, ‘জানো’? বলি জানি, ফেসবুকে দেখেছি। মনটা কোথায় যেন টনটন করে ওঠে। ক’মাস আগে রাশিয়ান কালচারাল সেন্টারে তারাকোভস্কি দেখতে গিয়ে দেখা হল শুকু আপার জীবন সঙ্গী আতিক ভাইয়ের সাথে। ইচ্ছা হয় কাছে গিয়ে একটু জিজ্ঞেস করি, কেমন আছেন? কেমন আছে শুকু আপা! কিন্তু মেট্রোপলিটন মন অত সহজ হয়ে ওঠে না। একটা অদৃশ্য মেকি দেয়াল টেনে আমরা চলি। জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। তার ফুরসতও ফুরিয়ে গেল।

অনেকদিন যাওয়া হয়নি, উপায় ছিল না তার। কিন্তু আজ, অনেকদিন পর শুকু আপা আবার তার চিরচেনা ক‍্যাম্পাসে যাবেন, চারুকলার বকুলতলায়। জীবন কিংবা কর্কটের গেঁড়ে বসা ভার আর তার নাই। আজ অনেকের শুকু আপার সাথে দেখা হবে। দেখাটা শেষ বারের। নিভৃতে তো অনেক আগেই চলে গিয়েছিলেন। এখন যেন একবারে চলে গিয়ে জানান দিলেন, তিনি ছিলেন। আর আমাদের যেই সময়টা, বিশ্ববিদ্যালয়ের তুমুল তুখোড় দিনকাল, তখন আমাদের আড্ডায়-আলাপে-তর্কে-স্বপ্নে তিনি যে ভীষণ প্রাসঙ্গিক। আমাদের জেনে না জেনেই তিনি আমাদের কাছের মানুষ হয়ে উঠতে পেরেছিলেন।

অনেক রাতে ফেইসবুকেই যখন সংবাদ পাওয়া গেল, তখন মনে হল, অভিভাবক হারিয়েছি আমি একজন। আমরা আমাদের অভিভাবক হারিয়েছি। তারেক মাসুদ, মুহম্মদ খসরু তারপর জাহিদুর রহিম অঞ্জন। এরপর শুকু আপা চলে গেলেন। কেমন একটা ব্যাপার, আজ অঞ্জন ভাইয়ের জন্মদিন। আমাদের গোটা চলচ্চিত্রের অভিভাবক প্রজন্মের মানুষ এরা। রাত যত বাড়ছিল, তার সাথে সাথেই চলচ্চিত্রপ্রেমী মানুষ আর সংগঠনগুলোর শোকবার্তায় ভরে উঠল নিউজ ফিড। আমাদের সমাজ সংস্কৃতি রাজনীতি নিয়ে ভাবার, উচ্চারণ করবার ভরসার জায়গাগুলো কমে আসছে। রাত দুপুরে কেবল শুকু আপার জন্য নয়, তার জীবনসঙ্গী বা সন্তানদের জন‍্য নয়, কাজ এবং চিন্তার বিস্তার দিয়ে যে বিস্তৃত পরিবারের অভিভাবক তিনি হয়ে উঠেছিলেন সেই পরিবারের একজন সামান্য হিসেবে মুহ‍্যমান হয়ে পড়ে রইলাম।

একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা যিনি সেই অর্থে লাইমলাইটে বা আলোচনায় তেমন আসেননি। একান্তে কাজ করে গেছেন বছরের পর বছর। নিজে নির্মাণ করেছেন, প্রযোজনা করেছেন। ভাষা সৈনিক আব্দুল মতিনের কন‍্যা বা আমাদের চলমান সময়ের অন‍্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা নুরুল আলম আতিকের জীবনসঙ্গী হিসেবে নিজের পরিচয় হারাননি মাতিয়া বানু শুকু। বরং এই পরিচয়গুলোকে আরো সমুজ্জ্বল করেছেন। তার নির্মাণে বয়ানে কিংবা প্রযোজনায় মুক্তিযুদ্ধ ছিল গুরুত্বপূর্ণ বিষয়। তার প্রযোজিত ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তিযুদ্ধের চিরচেনা বয়ান থেকে নির্মিত হয়েছিল ভিন্ন একটি ছকে। আহমেদ রুবেলের মতন গুণী অভিনেতাকে কাজে লাগানোর সাহস করা হয়েছিল। নারীর নানামুখী চরিত্রায়ণ উঠে এসেছিল। পরে তিনি এই ছবির প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।  

আমরা যখন ক্যাম্পাসে বড় হচ্ছি, কর্পোরেট দুনিয়া তখনো এত প্রতাপশালী হয়ে ওঠেনি। আমরা তখনো ফিল্ম ক্লাব করি, এখানে ওখানে গিয়ে সিনেমা দেখি দল বেঁধে। সিনেমা বানাব ভাবতাম, আর চাইতাম এই নির্মাতা দম্পতির সাথে কাজ করব। কিভাবে কিভাবে আমার এক বন্ধুর কপালে জুটে গেল কাজ। কী কাজ? শুধু নাকি বই পড়াই কাজ। আর নাকি অনেক অনেক আড্ডা হয়। আর আমরা প্রতিদিন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করি আজ কী হল আজ কী পড়লি! সেসব গল্পে আর একেক সময় একেক নির্মাণের কানেক্টিভিটির সুবাদে তিনি কাছেপিঠের মানুষই হয়ে গেলেন। গুণী নির্মাতার প্রতি ভক্তের আগ্রহ-নিবেদন কিংবা কাজের যাচাই নয় স্রেফ, একেবারে নিজেদের মানুষসুলভ একটা অনুভূতি। তার ওপর ক্যাম্পাসের সিনিয়র বলে কথা। ভালো কাজে খুশি লাগে। কোনো কাজ নিয়ে একটু ভিন্ন কিছু চোখে ধরলে মনে হয়, এমন না করে আরেকটু অমন করেও তো করতে পারতেন।

তারপর, আমরাও তো বড় হলাম। জীবন-জীবিকাতেও ঠাঁই করে নিতে থাকল বিশ্ববিদ্যালয় জীবনের তর্ক-আগ্রহের আলাপগুলো। মাধ্যম একটু ভিন্ন। ক্লাসরুমে কিংবা গবেষণার ছাপা অক্ষরে তার কাজ নিয়ে মাপামাপি করতে করতে তাকে আরও আবিষ্কার করা। প্রায় দুই দশক কাজ করেছেন তিনি, তাদের প্রতিষ্ঠান। নির্মাণ করেছেন টেলিফিল্ম, ধারাবাহিক গোল্লাছুট, প্রজ্ঞা পারমিতা, একটা কিনলে একটা ফ্রি আরো নানা কাজ। মনে আছে, সেই সময়ে খুব জনপ্রিয় হয়েছিল টিভি সিরিয়াল ‘লাবণ্য প্রভা’। তখন মানুষ টিভির নাটক টিভিতেই দেখত। নিও-লিবারেলিজমের পর কর্মক্ষেত্রে নারীর সুযোগ বাড়ে ঠিকই কিন্তু সেই নারীদের জন‍্য ঢাকা শহর নতুন বাস্তবতা নিয়ে হাজির হয়। এই অসম্ভব জনপ্রিয় ধারাবাহিকের জন‍্য কলম ধরেছিলেন মাতিয়া বানু শুকু। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা নারীরা হাজির হয়েছিল ভিন্ন প্রাসঙ্গিকতা নিয়ে। আরও কত কাজ তার। কাজেই রেফারেন্স হিসেবে কনটেন্টের অভাব কখনোই হয়ে ওঠেনি। শিক্ষকতা বা গণমাধ্যমের কনটেন্ট বিশ্লেষণের জায়গা থেকে মাতিয়া বানু শুকুর এন্তার কাজকর্ম আমাদের বিবিধ বিশ্লেষণের উপলক্ষ্য তৈরি করে দিয়েছে বারবার। আরও দেবে।

আর আমাদের জেনারেশনের কাছে, ক্যাম্পাসের কাছে, টিএসসি-বকুলতলা-কলা ভবন-মধুর ক্যান্টিন কিংবা আরও কত কত ফেলে আসা জায়গাগুলোর কাছে তিনি আমাদের একান্ত আপনজন। সেই সময়টুকু যতটা আমাদের স্মৃতিতে টিকে আছে, শুকু আপা সেখানে প্রবল খরতাপের দিনে বয়ে যাওয়া বাতাসের মতোই ভীষণ প্রিয়।

 

আমাদের স্মৃতিগুলো থাকবে।   

শুকু আপাও থাকবেন।

 

লেখক: সহকারি অধ্যাপক, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ