যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আফ্রিকার কয়েকটি দেশের প্রতিযোগী। এমনকি ভিসা না পাওয়ায় ইতোমধ্যে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছে জাম্বিয়া। জিম্বাবুয়ে ও দক্ষিণ সুদানের প্রতিনিধিরাও একই শঙ্কায় রয়েছে।
বিবিসির প্রতিবেদন বলছে, ২৪এ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের মূল পর্ব। এতে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার কথা রোজিয়ানা হলের। তবে এখনো যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পাননি তিনি। ভিসা অনুমোদনের জন্য কয়েক দফা চেষ্টা করেও সফল হননি বলে নিজের ইনস্টাগ্রামে এক ভিডিওতে জানিয়েছেন রোজিয়ানা। ভিসা পাওয়ার জন্য গত কয়েক সপ্তাহ দক্ষিণ আফ্রিকায় অবস্থান করেও চেষ্টা চালিয়েছেন তিনি।
একই কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রত্যাহার করেছে জাম্বিয়া। ২৫ বছর বয়সী পেশায় নিবন্ধিত নার্স মুবাঙ্গা গত ৮ই অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া হিসেবে জয়ী হয়েছিলেন। দেশটির আয়োজক সংস্থা জানিয়েছে, ব্যক্তিগত কোনো সমস্যা বা কাগজপত্রের ঘাটতি নয়, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই তিনি প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না।
সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়েছে, আফ্রিকার আরও পাঁচটি দেশ একই ধরনের ভিসা জটিলতায় পড়েছে। তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। এদিকে দক্ষিণ সুদানের প্রতিনিধিও প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। রোজানা হলের ভিডিওতে মন্তব্য করে তিনি লিখেছেন, তাদের পুয়ের্তো রিকোতে পৌঁছানোর সম্ভাবনা এখনো ৫০-৫০।
জিম্বাবুয়েসহ ১৯টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। প্রেসিডেন্টের ঘোষণাপত্র ১০৯৯৮ অনুযায়ী, ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে এসব দেশের নাগরিকদের জন্য ভ্রমণ, শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসা এবং অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য কিছু অনভিবাসী ভিসার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
প্রতিযোগিতার নিবন্ধন, পোশাকের মাপ নেওয়া ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিতে প্রতিযোগীরা ৮ই নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে পৌঁছাতে শুরু করেছেন। আগামী ২৪এ নভেম্বর সান হুয়ানের হোসে মিগেল আগরেলো কোলিসিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের চূড়ান্ত পর্ব।