‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

মারা গেছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। শেক্সপিয়রের নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা এই ব্রিটিশ অভিনেতা ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্রে টেলিপ্যাথিক ক্ষমতাসম্পন্ন প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

২৯এ অক্টোবর বৃহস্পতিবার তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্ত্রী সানি ওজেল। অ্যালঝেইমারস ডিজিজ ও লিউই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার পর স্বল্প সময়ের অসুস্থতার মধ্য দিয়ে তার মৃত্যু হয়।

১৯৪০ সালের ১৩ই জুলাই ইংল্যান্ডে জন্ম প্যাট্রিক স্টুয়ার্টের। অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় শৈশবেই। ১২ বছর বয়সে এক শিক্ষকের কাছ থেকে শেক্সপিয়রের নাটক ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’ সম্পর্কে জানার পর অভিনয়ের প্রতি আগ্রহী হন। ১৮ বছর বয়সে অভিনয়জগতে পা রাখেন তিনি। ষাটের দশক থেকে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির সদস্য হিসেবে মঞ্চে অভিনয় করে প্রশংসা অর্জন করেন।

তবে আন্তর্জাতিক দর্শকের কাছে স্টুয়ার্টের ব্যাপক পরিচিতি আসে তুলনামূলক বেশি বয়সে। ১৯৮৭ সালে শুরু হওয়া ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করেন তিনি। তখন তার বয়স ছিলো ৪৭ বছর। ১৯৯৪ সাল পর্যন্ত প্রচারিত সাত সিজনের ১৭৬টি পর্বের এই সিরিজটিই তাকে বিশ্বজোড়া জনপ্রিয়তা এনে দেয়। পরবর্তী সময়ে ‘স্টার ট্রেক’ সিরিজের একাধিক চলচ্চিত্রেও পিকার্ড চরিত্রে দেখা গেছে তাকে। 

‘স্টার ট্রেক’-এর পাশাপাশি আরেকটি বড় ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন স্টুয়ার্ট। জনপ্রিয় মার্ভেল কমিকস চরিত্র অবলম্বনে নির্মিত ‘এক্স-মেন’ চলচ্চিত্রে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করেন তিনি। পরে সিরিজের আরও কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে।  ২০১৭ সালের ‘লোগান’ এবং ২০২২ সালের ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’-এও অভিনয় করেছিলেন তিনি। ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তেও তার অভিনয়ের কথা জানা গেছে। 

মঞ্চ ও পর্দায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন। এর পর থেকেই নামের আগে যুক্ত হয় ‘স্যার’।

প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুতে শোক জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও হলিউডের তারকারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে শ্রদ্ধা জানিয়েছে মার্ভেল স্টুডিওসও। 

ব্যক্তিজীবনে তিনবার বিয়ে করেছিলেন স্টুয়ার্ট। রয়েছে দুই সন্তান। ২০১৩ সালে তিনি বিয়ে করেন মার্কিন সংগীতশিল্পী সানি ওজেলকে। জীবনের অন্তিম সময়ে তার পাশে ছিলেন ওজেল।