দুই চরিত্র, দুই এমি; ইতিহাস গড়লেন ম্যাথিউ রিস

এক রাতে দুই পুরস্কার; এমন কীর্তি এমির মঞ্চে আগে কখনো দেখা যায়নি। আর সেই ইতিহাসই গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রিস।

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে রিস জিতেছেন দুই ক্যাটাগরিতে সেরা প্রধান অভিনেতার পুরস্কার। দ্য বিস্ট ইন মি এবং কমেডি সিরিজে উইডোজ বে-এর জন্য এই পুরস্কার পান তিনি।

‘দ্য বিস্ট ইন মি’তে রিস এক রহস্যময় প্রতিবেশীর চরিত্রে অভিনয় করেছেন। যাকে হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হয়। আর ‘উইডোজ বে’তে অভিনয় করেছেন একটি কাল্পনিক দ্বীপের মেয়রের চরিত্রে। যে দ্বীপটি অভিশপ্ত।

একই বছরে দুই ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়ার নজির অবশ্য আগে ছিলো। অ্যালান অ্যালডা, স্যালি ফিল্ড, জন গুডম্যান, এলিজাবেথ মস ও টেড ড্যানসনের মতো তারকারাও এমন মনোনয়ন পেয়েছেন। কিন্তু এক রাতেই দুই পুরস্কার জেতা প্রথম অভিনেতা রিস।

দ্বিতীয় পুরস্কার হাতে নিয়ে রিস তার সাফল্য উৎসর্গ করেন ওয়েলসের মানুষদের। বলেন, “আমরা ছোট, কিন্তু শক্তিশালী একটি জাতি। এটি অবিশ্বাস্য।”

এরপর ওয়েলশ ভাষায় বলেন, “ডিওলচ ইন ফাওর ইয়ান”। অর্থাৎ, ‘অনেক ধন্যবাদ’।

এবারের এমিতে বাজিমাত করেছে হাসপাতালের জরুরি বিভাগকে ঘিরে তৈরি মার্কিন মেডিকেল ড্রামা সিরিজ ‘দ্য পিট’। পেয়েছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। একই সঙ্গে এর প্রধান অভিনেতা নোয়া ওয়াইলিও জিতেছেন সেরা প্রধান অভিনেতার পুরস্কার। টানা দ্বিতীয় বছর এই পুরস্কার পেলেন তিনি।

অন্যদিকে হ্যাকস-এর জন্য সেরা কমেডি অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জিন স্মার্ট। এটি তার ক্যারিয়ারের অষ্টম এমি। একই সংখ্যক অভিনয় পুরস্কার নিয়ে তার সঙ্গে রেকর্ডে যোগ দিয়েছেন অ্যালিসন জ্যানিও।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেয়েছেন মাইকেল জে ফক্স। পারকিনসন রোগ নিয়ে সচেতনতা ও সহায়তায় কাজের জন্য তাকে দেওয়া হয়েছে বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড।