লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ

যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি এনসিটি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এনসিপির আহ্বায়াক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের পর এ ঘটনা ঘটে।

যুক্তরাজ্য সময় ১৬ই নভেম্বর রাত ১০টা দিকে হওয়া এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে নাহিদ ইসলাম লিখেছেন, “দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।”

নাহিদ ইসলাম তার পোস্টে আরও লিখেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।“

হামলার পর আহতদের দেখতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।

এই হামলার ঘটনার তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, “আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিবে।”

এর আগে গত শনিবারও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেন আওয়ামী লীগের একদল সমর্থক। এনসিপির যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরাও সেখানে ছিলেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে লন্ডনে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং চলতি বছর জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টার ঘটনা ঘটে।