হানিট্র্যাপে ধরা খেল যত রাঘব বোয়াল

বিটিভির শুক্রবারের বাংলা সিনেমার কথা মনে আছে? ওই যে, ভিলেনকে ধোঁকা দেওয়ার জন্য নায়িকারা একটু নেচে দেখাতেন, বা একটু টক-মিষ্টি, প্রগলভ কথা বলে তারপর ধরা খাইয়ে দিতেন? আসল উদ্দেশ্য ভিলেনকে পাকড়াও করা। এটারই একটা উচ্চপর্যায়ের খেলা হলো হানিট্র্যাপ। তবে এখানে ভিলেন বলুন আর নায়িকা বলুন বা উদ্দেশ্য; কোনোটাই এত সোজাসিধে নয়। 

হানিট্র্যাপ, বাংলায় একটু রেখেঢেকে বলতে গেলে মধু ফাঁদ। রেখেঢেকে বলার কথা কেন হচ্ছে, পাঠক বিস্তারিত পড়লেই ধরতে পারবেন। অনলাইন জগতে কিছুটা অ্যাক্টিভ থাকলে এই শব্দ শুনে এখন সবার সামনেই এনভিডিয়ার সদ্য সাবেক প্রধান জেনসেন হুয়াংয়ের চেহারা ভেসে আসার কথা। তিনি নাকি চীনা গোয়েন্দাদের হানিট্র্যাপে পড়েছিলেন, এমন আওয়াজ জোরদার হয়ে ওঠার পর তো তিনি পদত্যাগই করলেন। কেবল মধুর ফাঁদ নাকি নেহাতই বেপরোয়া প্রেম, তা নিয়ে তর্ক বিতর্ক যাই থাকুক, জেনসেন হুয়াং কিন্তু ধরাশায়ী হয়েই গেছেন। 

কেউকেটা গোছের কোনো লোক হানিট্র্যাপে আটকা পড়েছেন, এমন ঘটনা স্বাভাবিকভাবেই নতুন কিছু না। জেনসেন হুয়াংয়ের ঘটনা টাটকা। গোয়েন্দা সংস্থার হাতে যত যত কৌশল আর বুদ্ধি, হানিট্র্যাপ তার মধ্যে খুবই সহজাত অস্ত্র। অনেক আগে থেকেই ক্ষমতাধর কোনো ব্যক্তির থেকে তথ্য বের করে নিতে প্রেম এবং যৌনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এসপিওনাজের সচরাচর এক খেলা। অনেক সময় এই কৌশল যেমন খাপে খাপে লেগে গেছে, আবার তার কারো কারো ক্ষেত্রে একেবারে মাঠেও মারা গেছে। যেমন ইন্দোনেশিয়ার সুকর্ণ ও কিউবার ফিদেল কাস্ত্রোর ক্ষেত্রে হানিট্র্যাপ যে কীভাবে কোনোই ফায়দা লুটতে পারেনি, সে গল্পও মজাদার। সেসব গল্পের আগে হানিট্র্যাপ কী এবং কত ধরনের, সেটাও একটু বুঝে নেওয়া দরকার। 

দু’জন ব্যক্তির মধ্যে আকর্ষণ, প্রেমের টান, এবং একটা পর্যায়ের ভরসার ভিত্তিতে তৈরি হয় একটি রোমান্টিক সম্পর্ক। ইতিহাসে কিছু ব্যক্তি এই ধরনের সম্পর্কে জড়ানোর পর এক পর্যায়ে আবিষ্কার করেছেন, তারা আসলে কোনো সম্পর্কে জড়াননি, জড়িয়েছেন একটি গোয়েন্দা অপারেশনে। 

এটি এমন অপারেশন, যেখানে প্রেম ও যৌনতাকে ব্যবহার করা হয় একজন টার্গেটের থেকে তথ্য পাওয়ার বা কোনো কাজ করানোর উদ্দেশ্যে। ইংরেজিতে এটাকে বলা হয় হানিট্র্যাপ। বিভিন্ন উপায়ে এই ফাঁদ বিছানো হতে পারে। কোনো বিবাহিত ব্যক্তিকে হানিট্র্যাপের মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানো গেলে কোনো গোপন মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইলিং করা যায়। অর্থাৎ, গোয়েন্দাদের ইচ্ছামতো তথ্য না দিলে বা তাদের কাজ করে না দিলে ছবি বা ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলিং।

আবার অনেক সময় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কোনো হানিট্র্যাপ অপারেশন দীর্ঘমেয়াদে করা হয়। অর্থাৎ, গোয়েন্দা বা গোয়েন্দা সংস্থার নিযুক্ত কোনো ব্যক্তি টার্গেটের সাথে দীর্ঘ মেয়াদের সম্পর্কে জড়ায়, এবং বিভিন্ন তথ্য গোয়েন্দা সংস্থাকে সরবরাহ করে।

অনেক সময় নিজ থেকে গড়ে ওঠা কোনো নিরঙ্কুশ রোমান্টিক সম্পর্কের এক পক্ষকে টাকা বা হুমকি দিয়ে গোয়েন্দাদের পক্ষে কাজ করানো হয়।

প্রথম হানিট্র্যাপ মাতা হারি

জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ছিল সিঙ্গাপোরের টেক কোম্পানি মেগাস্পিডের অ্যালিস হুয়াংয়ের সাথে। অ্যালিস হুয়াংয়ের চীনা গোয়েন্দা হওয়ার অভিযোগ যদি সত্য হয়, তাহলে এই সম্পর্কটি হানিট্র্যাপের মোক্ষম উদাহরণ হবে। তবে এর অনেক আগে থেকেই হানিট্র্যাপে ধরা খেয়ে আসছে মানুষ।

সেই বাইবেলেই এর কথা বলা আছে। স্যামসনকে তার অতিমানবিক শক্তির কারণে কোনোভাবেই হারাতে পারছিল না ফিলিস্টিন শাসকরা। তাই ঘুষ হিসেবে রূপার মোহর দিয়ে ডেলাইলাকে হানিট্র্যাপ হিসেবে পাঠানো হয় স্যামসনের শক্তির রহস্য বের করতে।

এই ধরনের ঘটনার জন্য হানিট্র্যাপ শব্দটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ লেখক জন লাকার। তার গোয়েন্দা উপন্যাস ‘টিংকার, টেইলর, সোলজার, স্পাই’ তে প্রথম এই শব্দ ব্যবহার করা হয়। তবে ইতিহাসে আধুনিক গোয়েন্দা সংস্থা কোনো নারীকে হানিট্র্যাপ হিসেবে ব্যবহার করার প্রথম নজির ছিল এই উপন্যাস প্রকাশের অনেক আগে। 

আধুনিক গোয়েন্দা সংস্থাদের দ্বারা নারী গোয়েন্দাদের ব্যবহার করে প্রেম ও যৌনতার সম্পর্ককে ব্যবহার করার কাগজে-কলমে প্রথম নজির হলেন ডাচ নর্তকী মাতা হারি। তার কাজকর্ম নিয়ে ঐতিহাসিক নথির তথ্যের মধ্যে নানা তারতম্য আছে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ডস ছিল নিরপেক্ষ দেশ, তাই মাতা হারি যুদ্ধের সময়ই বিভিন্ন দেশের মধ্যে উন্মুক্তভাবে চলাচল করতে পারতেন। এর মধ্যে ফরাসি গোয়েন্দারা তাকে নিয়োগ দেয় জার্মান ক্রাউন প্রিন্সের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ফরাসিদের কাছে তথ্য সরবরাহ করার জন্য। 

তবে এক পর্যায়ে ফরাসিদের সন্দেহ হয়, মাতা হারি জার্মানদের চর হয়ে ফরাসিদের বিরুদ্ধে কাজ করছেন। সন্দেহের সত্যতা বের করতে তারা মাতা হারির কাছে ছয়জন ফরাসি গোয়েন্দার নাম সাপ্লাই করে, যারা জার্মানির ভেতর চর হিসেবে কাজ করছেন। জার্মানরা এই ছয়জনের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ফরাসিরা এই সিদ্ধান্তে আসে যে, মাতা হারিই এই নাম তাদের কাছে দিয়েছে। পরে ১৯১৭ সালে ফ্রান্স তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

হানিট্র্যাপে ধরাশায়ী মার্কিন সেনা, এফবিআই এজেন্ট ও ইসরায়েলি প্রকৌশলী

কোল্ড ওয়ারের সময় ব্যাপকভাবে হানিট্র্যাপ ব্যবহার করেছিল সিআইএ, কেজিবি ও চীনা গোয়েন্দারা। ১৯৮৫ সালের নভেম্বরে মস্কোয় আমেরিকান দূতাবাসে মেরিন কোরের নিরাপত্তাকর্মী ক্লেটন লোনট্রির সাথে সম্পর্ক গড়ে তোলেন কেজিবি এজেন্ট ভায়োলেত্তা সেইনা, যিনি দূতাবাসেই টেলিফোন অপারেটর ও অনুবাদক হিসেবে কাজ করতেন। এরপর তাদের সম্পর্ক যতদিন চলে, ততদিনে লোনট্রির কাছ থেকে সেইনা মার্কিন দূতাবাসের ফ্লোর প্ল্যান, নীল নকশা ও শীর্ষ গোপন কেবলের তথ্য আদায় করেন। ১৯৮৬ সালে ক্লেটন লোনট্রি নিজেই সিআইএ স্টেশন প্রধানের কাছে সব স্বীকার করেন। তাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

‘৮০র দশকে ইসরায়েল গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল। ইসরায়েলের এক পারমাণবিক কেন্দ্রের সাবেক কর্মী মোর্ডেকাই ভানুনু যুক্তরাজ্যে গিয়ে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার কথা সানডে টাইমসের কাছে ফাঁস করে দেন। এর কয়েকদিন পর তার পরিচয় হয় সিন্ডি নামের এক নারীর সাথে। ব্যাপারটা প্রেমে গড়াতে মোটেও সময় লাগেনি। 

সান্ডে টাইমসে ছাপানো প্রতিবেদনের কপি হাতে ইসরায়েলের পারমাণবিক প্রকৌশলী মোর্ডেকাই ভানুনু

১৯৮৬ সালের সেপ্টেম্বরে সিন্ডি ভানুনুকে ইতালি নিয়ে যান। রোমে পা রাখতেই তাকে মোসাদের গোয়েন্দারা ধরে ফেলে, অজ্ঞান করে ইসরায়েলে নিয়ে যায়। পরে জানা যায়, সিন্ডি আসলে সিন্ডি না, তার আসল নাম শেরিল বেন্টভ। যিনি ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের এক সাবেক মেজরের স্ত্রী।

হানিট্র্যাপের খেলায় তুখোড় কারিগর ছিল চীন। কোল্ড ওয়ারের সময় চীনের তথ্য আমেরিকার কাছে দেওয়ার জন্য ক্যাটরিনা লিউংকে নিয়োগ করে এফবিআই। পরে দেখা যায়, তার কমান্ডিং অফিসারসহ দুইজন এফবিআই এজেন্টের সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল। ভরসা বজায় রাখার জন্য চীনের কিছু তথ্য তিনি এফবিআইকে দিতেন ঠিকই, তবে এজেন্টদের সাথে তার সম্পর্ককে ব্যবহার করে এফবিআই-এর বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দিতেন চীনের কাছে। 

এখন চীনা গোয়েন্দাদের হানিট্র্যাপের উদাহরণগুলোর মধ্যে শীর্ষে জেনসেন হুয়াংয়ের নাম। তার সাথে সম্পর্ক ছিল সিঙ্গাপোরের প্রযুক্তি কোম্পানি মেগাস্পিডের কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের। যদিও অ্যালিস যে আসলেই চাইনিজ এসসিপওনাজের একটা চাল, এ বিষয়ে পাকাপাকি প্রমাণ এখনো কেউই দিতে পারেন।  চীনের সরকার, অ্যালিস হুয়াং এবং মেগাস্পিড, সকল পক্ষই এই অভিযোগ অস্বীকার করেছে।

সুকর্ণ ও কাস্ত্রো যেভাবে মার্কিন হানিট্র্যাপকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন

শত্রুদের বিরুদ্ধে হানিট্র্যাপ বিভিন্ন সময় হানিট্র্যাপ মোতায়েন করেছে সিআইএ। তবে কেজিবি, মোসাদ বা চীনা গোয়েন্দাদের মতো নিচু পর্যায়ের টার্গেটদের ওপর গণহারে হানিট্র্যাপ ব্যবহার করেনি আমেরিকা। 

সিআইএর সাবেক কর্মীদের বিভিন্ন সাক্ষাৎকারে তারা বলেছেন, ব্ল্যাকমেইলের ভিত্তিতে বশ করা গোয়েন্দাদের ওপর দীর্ঘমেয়াদে নির্ভর করা যায় না বলে মনে করত সিআইএ। আমেরিকা হানিট্র্যাপ ব্যবহার করত উঁচু পর্যায়ের টার্গেটের ওপর, যেমন ইন্দোনেশিয়ার সুকর্ণ আর কিউবার ফিদেল কাস্ত্রো তবে এই দুইজনের ক্ষেত্রে হানিট্র্যাপ কাজ করেনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণের বিরুদ্ধে হানিট্র্যাপ ব্যবহার করেছে সিআইএ ও কেজিবি দুই পক্ষই। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা অর্জনের নেতা ছিলেন সুকর্ণ। তার মধ্যে কম্যুনিস্ট ভাবাপন্ন কিছু আদর্শ থাকলেও তবে তিনি সরাসরি কম্যুনিস্ট ছিলেন না। একারণে তাকে নিজের পক্ষে কাজ করাতে টানাটানি শুরু হয় সিআইএ ও কেজিবির মধ্যে। দুই পক্ষই তার বিরুদ্ধে একই অস্ত্র ব্যবহার করে, সেটি হলো হানিট্র্যাপ।

প্রথম চাল চালে কেজিবি। ১৯৫০ দশকের শেষের দিকে ও ষাটের দশকের শুরুর দিকে অনেকবার সোভিয়েত ইউনিয়নে যান সুকর্ণ। এসব ভ্রমণের সময় বিমানবালা এবং হোটেল স্টাফ সেজে কেজিবির এজেন্টরা তার সাথে কথা বলতেন, এবং এরপর তারা শারীরিকভাবে ঘনিষ্ঠও হয়ে যেতেন। এমন একাধিকবার হয়েছে, আবার অনেক সময় একবারে একাধিক ব্যক্তির সাথেও হয়েছে। 

হুমকি দিয়ে সুকর্ণকে বশ করার উদ্দেশ্যে এসব ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে কেজিবি। সিআইএও একই ধরনের চাল চালে। সুকর্ণের চেহারার মতো মুখোশ পরানো এক ব্যক্তির সাথে এক রুশ বিমানবালার শারীরিক সংসর্গের ভিডিও ছড়ানোর হুমকি দেওয়ার পরিকল্পনা করে তারা।

তবে শেষ পর্যন্ত কারও হুমকিতেই বশ হননি সুকর্ণ। এসবের অনেক বছর পর ডিক্লাসিফাই হওয়া সিআইএর বিভিন্ন নথি থেকে জানা যায়, নারীদের প্রতি সুকর্ণের ভালোবাসা তিনি কখনও লুকাতেন না। বরং বড়াই করে বলে বেড়াতেন। বিভিন্ন সূত্রে লেখা আছে, কেজিবির ভিডিওর কথা জানতে পেরে ভয় পাওয়া তো দূরের কথা, সুকর্ণ নিজেই বড়াই করার জন্য তা বিভিন্ন মানুষের মধ্যে বিলান।

আরেকদিকে ফিদেল কাস্ত্রো। কথায় আছে, ফিদেল কাস্ত্রোকে ৬০০ বার হত্যা করার চেষ্টা করেছে সিআইএ। খাবারে বিষ, সিগারের ভেতর বিস্ফোরক, শামুকের ভেতর বোমা লুকানো পর্যন্ত কোনো উপায় তারা বাদ রাখেনি। এই সবকিছু মাঠে মারা যাওয়ার পর সিআইএ হানিট্র্যাপের দ্বারস্থ হয়।

১৯৫৯ সালের ফেব্রুয়ারিতে এক জাহাজে ফিদেল কাস্ত্রোর সাথে পরিচয় হয় জার্মান বংশোদ্ভূত মারিতা লরেঞ্জের। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মারিতা তখন হানিট্র্যাপ ছিলেন না বা কারও চর ছিলেন না, এই সম্পর্কটা নিজে থেকেই তৈরি হয়েছিল। হাভানার হিলটনে প্রায় সাত মাস মারিতা কাস্ত্রোর সাথে ছিলেন। তবে এরপর সম্পর্কে ভাঙ্গন দেখা দেয়, এবং মারিতা চলে যান আমেরিকায়।

ফিদেল কাস্ত্রো ও মারিতা লরেঞ্জ

মারিতার নিজের ভাষ্যে, সিআইএ তখন তাকে রিক্রুট করে। যে ফিদেল কাস্ত্রোকে তারা এত উপায়ে হত্যা করতে পারেনি, তাকে হত্যা করার একটা সহজ অস্ত্র হিসেবে দেখে তারা লরেঞ্জকে। ফিদেল কাস্ত্রোর খাবার বা পানীয়র মধ্যে মেশানোর জন্য দু’টো বিষের বড়ি দেওয়া হয় তাকে। আদেশ অনুযায়ী তিনি কিউবায় যান এবং কাস্ত্রোর সাথে দেখা করেন। এরপর আসে তার মিশন পূরণ করার মুহূর্ত। কাস্ত্রো এই পরিকল্পনা আগে থেকেই জানতেন। তারপরও তিনি একাই মারিতার সাথে দেখা করেছিলেন। জিজ্ঞেস করেন, “তুমি কি আমাকে হত্যা করতে এসেছ?” 

মারিতা সব স্বীকার করে বসেন। এরপর কাস্ত্রো কোমর থেকে নিজের পিস্তল বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলেন, “তুমি আমাকে হত্যা করতে পারবে না। কেউই আমাকে হত্যা করতে পারবে না।” আবারও ব্যর্থ হয় সিআইএ, তবে এবার কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতা বা টেকনিকাল সমস্যার কারণে না, কিউবান নেতার ক্যারিজমার কাছেই হেরে যেতে হলো তাদের।

মধু কি কেবলই নারী?

এখন আপনাদের মনে হতে পারে, হানিট্র্যাপ মানেই নারীর আনাগোনা। এতক্ষণ ধরে যত উদাহরণ দেওয়া হয়েছে সেখানে সব হানিট্র্যাপে নারীদেরই ব্যবহার করা হয়েছে। তবে অনেক সময় এই মধুর ফাঁদ পাতা মানুষটা পুরুষও হতে পারে। 

কোল্ড ওয়ারের সময় ইস্ট জার্মানির গোয়েন্দা বিভাগের প্রধান মার্কাস উওলফ একটা ‘রোমিও স্পাই প্রোগ্রাম’ তৈরি করেছিলেন। তাদের টার্গেট ছিল পশ্চিম জার্মান সরকারের একাকী নারী কর্মীরা, যাদের এই অপারেশনের ভাষায় বলা হতো ‘জুলিয়েট’। এই রোমিও হওয়ার জন্য আবার অনেক প্রার্থী ছিল, যাদের মধ্যে ৯৯ শতাংশ প্রার্থীই চাকরির পরীক্ষায় বাদ পড়ত।

এই রোমিও প্রোগ্রামে ওয়েস্ট জার্মানির সেক্রেটারি, টেলিফোন অপারেটর, ক্লার্কদের টার্গেট করা হতো। তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করত রোমিওরা, এরপর ব্ল্যাকমেইলসহ বিভিন্ন উপায়ে তাদের থেকে তথ্য আদায় করা হতো। পশ্চিম জার্মান চ্যান্সেলরি অফিসে কোল্ড ওয়ারের সময় ১৫ জন গুপ্তচর ধরা পড়েন এবং তাদের মধ্যে ১২ জনই ছিলেন জুলিয়েট, যারা ইস্ট জার্মানির রোমিও প্রোগ্রামের শিকার হয়েছিলেন।

যদিও বার্লিন প্রাচীর ভাঙ্গার সময় এই রোমিও প্রোগ্রামের বেশিরভাগ নথিই ধ্বংস করে ফেলা হয়, তাই আসলে কতজন রোমিও স্পাই কতজন জুলিয়েটের কাছ থেকে কী পরিমাণ তথ্য পেয়েছিলেন, তা বোঝা কঠিন।

পুরুষ হানিট্র্যাপের সবচেয়ে অদ্ভূত ঘটনা ঘটিয়েছিল চীন। বেইজিংয়ে শি পেই শু নামের এক অপেরা শিল্পী ছিলেন। পুরুষ শিল্পী, তবে তার পরিচিতি ছিল নারী চরিত্রে অভিনয়ের জন্য। ১৯৬৪ সালে বেইজিংয়ে এক কূটনৈতিক পার্টিতে ফরাসি দূতাবাসের এক তরুণ অ্যাকাউন্ট্যান্ট বার্নার্ড বুর্সিকোর সাথে তার পরিচয় হয়। 

শি বুর্সিকোকে বলেছিলেন, তিনি জন্মগতভাবে নারী, কিন্তু বাবার ছেলের শখ ছিল বলে ছেলে হিসেবে বড় হয়েছেন। বুর্সিকো তা বিশ্বাস করেন। এরপর তাদের মধ্যে তৈরি হয় রোমান্টিক সম্পর্ক। চীনা গোয়েন্দারা এই সম্পর্কের জানতে পেরে এর পূর্ণাঙ্গ ব্যবহার করে। ১৯৬৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত নানা গোপন নথি আদায় করা হয় বুর্সিকোর কাছে। ১৯৮৩ সালে প্যারিসে দুজনকেই গ্রেপ্তার করা হয়, এবং গ্রেপ্তারের পরই বুর্সিকো শি পেই শুয়ের আসল লিঙ্গ জানতে পারেন। এবং তার মন ভেঙে যায়।

বোঝাই যাচ্ছে, ইতিহাসে গোয়েন্দাদের হানিট্র্যাপ ব্যবহার করা যেমন নতুন কিছু না, তেমনি বিরল কিছুও না। অহরহই শত্রুদের গোপন তথ্য জানতে হানিট্র্যাপ ব্যবহার করেছে বিভিন্ন দেশ। হানিট্র্যাপ হিসেবে যেমন নারীরা কাজ করেছেন, তেমনই করেছেন পুরুষরাও। এই মধুর ফাঁদে পড়া রাঘব বোয়ালদের মধ্যে মাত্র একটা নাম জেনসেন হুয়াং। যদিও তার ক্ষেত্রে এটা আদৌ হানিট্র্যাপিংয়ের ঘটনা ছিল কিনা তা আমরা এখনো ঠিকমতো জানি না। এখন আপনি আবার গিয়ে আপনার প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীকে জিজ্ঞেস করে বসবেন না তো যে তারা কি আপনাকে কি আসলেই ভালোবাসেন, নাকি আসলে কোনো শত্রু রাষ্ট্রের গোয়েন্দা?