পারিবারিক বিরোধ নিয়ে যারা আমার কাছে পরামর্শ নিতে আসেন, তাদের বড় একটি অংশের প্রশ্ন থাকে তালাক নিয়ে। কেউ জানতে চান, রাগের মাথায় মুখে তিনবার ‘তালাক’ বললেই বিয়ে ভেঙে যায় কি না।
কেউ আবার জানেনই না যে স্ত্রীও তালাক দিতে পারেন। অথচ বাংলাদেশে মুসলিম বিবাহবিচ্ছেদের পুরো প্রক্রিয়াটি সুনির্দিষ্ট আইন দিয়ে নিয়ন্ত্রিত।
মূলত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এবং মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ অনুযায়ী তালাক পরিচালিত হয়। পাশাপাশি আদালতের এখতিয়ারের ক্ষেত্রে পারিবারিক আদালত আইন, ২০২৩ প্রযোজ্য হয়।
মুখে বললেই তালাক কার্যকর হয় না
১৯৬১ সালের অধ্যাদেশের ৭ ধারা অনুযায়ী, স্বামী যেকোনো পদ্ধতিতে তালাক ঘোষণা করুন না কেন, এরপর যত দ্রুত সম্ভব তাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি করপোরেশনের মেয়রকে লিখিত নোটিশ দিতে হবে। নোটিশের একটি অনুলিপি স্ত্রীকেও পাঠাতে হবে।
নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে চেয়ারম্যান বা মেয়র দুই পক্ষের প্রতিনিধি নিয়ে সালিসি পরিষদ গঠন করে সমঝোতার চেষ্টা করবেন। নোটিশ পৌঁছানোর ৯০ দিন পর তালাক কার্যকর হয়।
এর আগে স্বামী চাইলে নোটিশ প্রত্যাহার করে নিতে পারেন। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে ৯০ দিন পূর্ণ হওয়া অথবা সন্তান জন্ম হওয়া, এ দুটির মধ্যে যেটি পরে ঘটবে, সেদিন তালাক কার্যকর হবে।
নোটিশ না দিলে তালাক কার্যকর হয় না; বরং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। তাই একসঙ্গে মুখে তিন তালাক বললেই বিয়ে শেষ হয়ে যায়, আইনের চোখে এ ধারণা সঠিক নয়।
স্ত্রীরও তালাকের অধিকার আছে
অনেকেই জানেন না, কাবিননামার ১৮ নম্বর ঘরে স্বামী স্ত্রীকে তালাকের ক্ষমতা দিলে স্ত্রী নিজেই তালাক দিতে পারেন। একে বলা হয় ‘তালাক-ই-তৌফিজ’। এ ক্ষেত্রেও স্বামীর মতো একই নিয়মে নোটিশ দিতে হয়। এ ছাড়া দুজনের সম্মতিতে খুলা বা মুবারাতের মাধ্যমেও বিচ্ছেদ হতে পারে।
কাবিননামায় এই ক্ষমতা দেওয়া না থাকলে স্ত্রী পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করতে পারেন। ১৯৩৯ সালের আইনে এর কারণগুলো নির্দিষ্ট করা আছে। যেমন, চার বছর ধরে স্বামীর কোনো খোঁজ না থাকলে, দুই বছর ভরণপোষণ না দিলে, আইন মেনে সালিসি পরিষদের অনুমতি না নিয়ে আরেকটি বিয়ে করলে, স্বামীর সাত বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড হলে, যুক্তিসংগত কারণ ছাড়া তিন বছর দাম্পত্য দায়িত্ব পালন না করলে কিংবা স্ত্রীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করলে স্ত্রী এই মামলা করতে পারেন।
আদালত বিচ্ছেদের ডিক্রি দিলে এর অনুলিপি চেয়ারম্যান বা মেয়রের কাছে পাঠানো হয়। তিনি এটিকে তালাকের নোটিশ হিসেবে গণ্য করেন এবং সেখান থেকেও ৯০ দিন পর বিচ্ছেদ কার্যকর হয়।
তালাকের পর যা মনে রাখা জরুরি
তালাক কার্যকর হওয়ার পর তা কাজি অফিসে নিবন্ধন করা আইনত বাধ্যতামূলক। তালাক যে পক্ষই দিক না কেন, স্ত্রীর অপরিশোধিত দেনমোহর সঙ্গে সঙ্গে পরিশোধযোগ্য হয়ে যায়। তবে খুলার ক্ষেত্রে সমঝোতা অনুযায়ী স্ত্রী দেনমোহরের দাবি আংশিক বা পুরোপুরি ছেড়ে দিতে পারেন। ইদ্দতকালীন খোরপোশও স্ত্রীর প্রাপ্য। আর সন্তানের ভরণপোষণের দায়িত্ব বাবার ওপরই থাকে। এসব পাওনা না পেলে স্ত্রী পারিবারিক আদালতে মামলা করতে পারেন।
আরেকটি প্রচলিত ভুল ধারণা হলো, তালাকের পর একই স্বামী-স্ত্রী আবার সংসার করতে চাইলে মাঝখানে অন্য কারও সঙ্গে বিয়ে, অর্থাৎ ‘হিল্লা বিয়ে’ দিতে হয়। আইন অনুযায়ী এর কোনো প্রয়োজন নেই। আইন মেনে কার্যকর হওয়া তালাকের পর তারা সরাসরি নতুন করে বিয়ে করতে পারেন। তবে এভাবে তৃতীয়বার তালাক কার্যকর হলে এই সুযোগ আর থাকে না।
বিয়ে যেমন একটি আইনি চুক্তি, এর অবসানও তেমনি আইনের নির্দিষ্ট পথ মেনে হতে হয়। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত কিংবা ভুল ধারণা অনেক সময় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। তাই বিয়ের সময় কাবিননামার প্রতিটি ঘর মন দিয়ে পড়ুন এবং তালাকের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন আইনজীবীর পরামর্শ নিন।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট