“আমাদের জন্য ন্যায়বিচারের পথে এটি প্রথম পদক্ষেপ। একটি জাতিগোষ্ঠী হিসেবে আমরা শান্তিতে বাঁচতে চাই। এখন আমরা বাস্তব পদক্ষেপের অপেক্ষায় আছি। এই রায় সামনের দিনে আমাদের অধিকার ফিরে পেতে ভূমিকা রাখবে।’
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর ৪৯ বছর বয়সী আখতার উদ্দিন আবেগী কণ্ঠে কথাগুলো বলছিলেন।
১৯এ নভেম্বর বাংলাদেশ সময় তিনটা থেকে শুরু হয় আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণা। কক্সবাজারের শরণার্থীশিবিরে ক্যাম্প-১৫ জামতলীতে একটি খোলা মাঠে জড়ো হয়ে হাজারো রোহিঙ্গা ঘণ্টার পর ঘণ্টা আশায় বুক বেঁধে শুনেছেন রায়।
গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় এক যুগান্তকারী রায়ে আইসিজে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন।
আদালত বলেছেন, গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে মিয়ানমার ব্যর্থ হয়েছে।
“মিয়ানমার রোহিঙ্গাদের নিয়ে মিথ্যা বলেছে। আমাদের পরিচয় নিয়েও মিথ্যা বলেছে। কিন্তু দুনিয়ায় মানবতা এখনো বেঁচে আছে বলেই আইসিজেতে আমরা ন্যায়বিচার পেয়েছি। রায়ে আমরা খুশি। আমরা বাড়ি ফিরতে চাই। মিয়ানমারে শিগগিরই আবার নিজেদের দেখতে চাই। আমরা বিশ্বাস করি, বিশ্ব আমাদের পাশে আছে, মানবতা আমাদের পাশে আছে। আজ মানবতার জয় হয়েছে। এটা পৃথিবীর মানবতার জন্য একটা নতুন অধ্যায়।”
রোহিঙ্গাদের নিয়ে এই মামলার রায় দেখতে আমরা দুজনই শিবিরে ছিলাম। দুপুর একটা নাগাদ জামতলী শরণার্থীশিবিরে বড় পর্দার সামনে জড়ো হতে শুরু করেন রোহিঙ্গারা। এক হাজারের বেশি রোহিঙ্গা সেখানে এসেছিলেন। সন্ধ্যার অন্ধকার নামার পরও তারা সেখানে ছিলেন।
সরাসরি সম্প্রচারের ভাষা ছিল ইংরেজিতে। আদালত কী বলছেন, তা জানার আগ্রহ ছিল সবার। রোহিঙ্গা নেতারা অনুবাদ করে শোনাবেন বলে তারা অপেক্ষা করছিলেন।
বিচারের রায় পড়ে শোনানোর সময় আদালত যখন বললেন- ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে’। ঠিক তখন উপস্থিত মানুষ হাততালি দিলেন। কেউ আনন্দে চিৎকার করে উঠলেন, কেউ কেউ কেঁদেও ফেললেন।
মিয়ানমার রোহিঙ্গাদের জাতিগত পরিচয় মুছে ফেলতে চেয়েছিল। এসব রোহিঙ্গারা আগে থেকেই জানেন।
কয়েক দশক ধরে তারা অনেক সয়েছেন। আর তাই আদালতের রায় তাদের মর্মান্তিক অভিজ্ঞতা স্বীকৃতি পাওয়ার পথে, ন্যায়বিচার পাওয়ার পথে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার মাত্র সাত বছর পর, ১৯৭৮ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ প্রায় দুই লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়।
‘অপারেশন ড্রাগন কিং’ নামে পরিচিত নির্মম সামরিক অভিযানের মুখে তারা প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিলেন। বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার ইতিহাস নতুন নয়। তবে আইসিজের এই রায় নতুন পদক্ষেপ নেওয়ার জন্য চাপ তৈরি করতে ভূমিকা রাখবে।
বাংলাদেশ কক্সবাজারে দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। তাদের নিজ দেশে ফেরাতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আইসিজের রায়কে ‘স্বাগত’ জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, “রোহিঙ্গাদের বিরুদ্ধে যে নৃশংসতা চালানো হয়েছে এবং সেটি যে গণহত্যা, সে বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। রাখাইনে রোহিঙ্গাদের একটি জাতিগোষ্ঠী হিসাবে পুরোপুরি ধ্বংস করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, রায়ে তা তুলে ধরা হয়েছে।”
১৯এ নভেম্বর আইসিজে রায় ঘোষণার পর সংবাদমাধ্যমকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “বাংলাদেশ বহু বছর ধরে মিয়ানমারের সঙ্গে আলোচনা করে আসছে। আজকের রায় সেই প্রচেষ্টাকে আরও জোরদার করবে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ তৈরির জন্য এই রায়কে ভিত্তি হিসেবে কাজে লাগাতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাব।”
এই রায়ের পর মিয়ানমারে রোহিঙ্গারা নতুন করে নিপীড়নের শিকার হতে পারেন কি না, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ এ বিষয়ে সতর্ক রয়েছে। তারা যেন নতুন করে অধিকার লঙ্ঘনের শিকার না হয়, সেটাই চায় বাংলাদেশ।
তিনি আরও বলেন, “এই রায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার পথ খুলে দেবে বলে আশা করছে বাংলাদেশ।”
“মিয়ানমার সরকার ও আরাকান আর্মি বুঝতে পারবে, রোহিঙ্গারা মর্যাদার সঙ্গে নিজেদের দেশে ফিরতে চান। তারা আজকের রায়কে সম্মান করবে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে।”
৩১ বছর বয়সী মহিব আমাদের বললেন, তিনি রায় দেখতে এসেছেন।
“এখন গণহত্যা প্রমাণিত হয়েছে। আমাদের বিশ্বাস, প্রত্যাবাসন হবে। এটা বাড়ি ফেরার পথে একটা পদক্ষেপ। আমি খুশি, খুবই খুশি। ২০১৭ সালে আমি নিজের চোখে দেখেছি, সেনারা আমার এক কাকাকে হত্যা করেছে। আমরা তখন পালানোর চেষ্টা করছিলাম। সেই সময়ই তাকে মেরে ফেলে তারা।”
মহিব আর আখতার উদ্দিনের মতো রোহিঙ্গাদের এবার কী হবে?
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আরও বলেছেন, “ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেওয়ার পদ্ধতি, কিংবা অন্য ধরনের প্রতিকারের বিষয়টি বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করতে হবে।”
কী ধরনের ক্ষতিপূরণ ও প্রতিকার প্রয়োজন, রোহিঙ্গাদের অধিকার রক্ষায় কী ব্যবস্থা নিতে হবে এবং তাদের ওপর সংঘটিত নৃশংসতার পুনরাবৃত্তি কীভাবে ঠেকানো যাবে—এসব নির্ধারণের আলোচনায় গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গা ও তাদের পরিবারকে কেন্দ্রে রাখতে হবে।
নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দেওয়া, জমি ও সম্পত্তি ফেরত দেওয়া বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া এবং গণহত্যা ও অন্যান্য গুরুতর আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা—এসবই সেই পদক্ষেপের অংশ হওয়া উচিত।
বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক থেকে সরে আসা। আইসিজে এইমাত্র রায় দিয়েছেন, মিয়ানমার রাষ্ট্র গণহত্যা করেছে। সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক বজায় রাখার বদলে রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দেওয়া এবং অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার লক্ষ্যে অংশীজনদের সঙ্গে কাজ করা উচিত বাংলাদেশের।
ঢাকার লক্ষ্য শুধু রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন হলে চলবে না। রোহিঙ্গাদের অধিকার রক্ষা ও নিশ্চিত করতে বাংলাদেশকে কার্যকর নীতি নিতে হবে। যতদিন তারা বাংলাদেশে থাকবেন, ততদিন তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ, অবাধে চলাফেরার অধিকার এবং সংগঠিত হওয়া ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ থাকতে হবে। নিজেদের ভবিষ্যত গড়ে তোলার জন্য এসব অধিকার জরুরি।
যেদিন তারা নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে নিজেদের মাতৃভূমি আরাকানে ফিরতে পারবেন। এমন একটি দিনের অপেক্ষায় আছেন বহু রোহিঙ্গা।
এই ঐতিহাসিক দিনে শিবিরে মহিব আমাদের বললেন, “সেনাবাহিনী অমানবিক ও নির্মম। এখন বাড়ি ফেরার নতুন আশা জেগেছে আমার।”
লেখক: তানভীরুল মিরাজ রিপন, সাংবাদিক ও মানবাধিকার গবেষক; জন কুইনলি, পরিচালক, মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস
[মতামত লেখকের নিজস্ব]