রাত সাড়ে দশটার দিকে রিং রোডে নামলে আমি পকেট বদলাই।
ঘটনাটা এখন আমার কাছে এত স্বাভাবিক, আলাদা করে মনে করতে হয় না। মানুষ যেমন বৃষ্টির আগে জানালা বন্ধ করে, আমি তেমনি মোহাম্মদপুরে ঢোকার আগে মানিব্যাগ আর মোবাইল ফোনটা সামনের পকেটে এনে ফেলি।
চারপাশে তখনও আলো থাকে। মার্কেটের ফটকে লোকজন। খাবারের দোকানে ভিড়। রিকশার টুংটাং, বাসের হর্ন, মোটরসাইকেলের তাড়া—শহর তার যাবতীয় শব্দ নিয়েই জেগে থাকে। শুধু শরীর কোথা থেকে যেন জেনে যায়, রাত নেমেছে।
শাহাবুদ্দিন প্লাজার সামনে রাস্তার ওপারে ছাপড়া মসজিদের গলিতে চায়ের দোকানে আনোয়ার সাহেব বসে ছিলেন। আমাকে দেখে পকেটের দিকে তাকালেন।
—লুকায়া লাভ নাই। ওরা জানে মানুষ ফোন কোথায় রাখে।
কথাটা বলে তিনি চায়ে চুমুক দিলেন। হাসলেন না। আমিও না।
আনোয়ার সাহেবের বয়স আটষট্টি। দাবি করেন, তিনি মোহাম্মদপুরের ‘লোকাল’। অথচ এখানে এসেছিলেন পঁয়ত্রিশ বছর আগে। এই শহরে স্থানীয় হওয়ার নিয়ম সম্ভবত এমনই—আপনার আগে কে ছিল, তা ভুলে যাওয়ার মতো যথেষ্ট দিন কোনো জায়গায় কাটাতে পারলেই আপনি স্থানীয়।
—তখন এই দিকে রাত মানে সত্যি রাত ছিল, তিনি বললেন। এত দোকান ছিল না। গাড়ি ছিল না। ভয়ও ছিল, কিন্তু বদনাম ছিল না। এখন ঘটনা ঘটুক আর না ঘটুক, মোহাম্মদপুর বললেই মানুষ আগে পকেট হাতড়ায়।
বদনাম তো আর এমনি এমনি জন্মায়নি। সেদিন কোন একটা সংবাদে দেখলাম, এই এলাকায় প্রায় পঞ্চাশটি অপরাধী দলের কথা এসেছে; বড় দলই সতেরোটা।
২০২৪ সালের ৫ই অগাস্টের পরের বিশ মাসে দলগুলোর সংঘাতে চব্বিশজন নিহত হওয়ার তথ্য আছে।
দিনের আলোয় ছিনতাইয়ের ভিডিও ছড়িয়েছে, রাতের গলিতে অস্ত্র উঠেছে। একের পর এক অভিযান হয়েছে, হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, তারপরও ভয় পুরোপুরি যায়নি।
ভয়ের সবচেয়ে বড় সাফল্য সম্ভবত অপরাধের প্রবৃদ্ধি নয়; অভ্যাস। কখন ফোন লুকাতে হবে, কোন গলি এড়াতে হবে, রিকশায় বসে ব্যাগ কোন হাতে রাখতে হবে—শরীর এসব শিখে ফেলে। তারপর একসময় মানুষ ভুলে যায়, এই শিক্ষার নাম ভয়।
আমি বিশ্ববিদ্যালয় ছাড়ার কিছুদিন পর মোহাম্মদপুরে এসেছিলাম। প্রায় আট বছর হয়ে গেলো। জায়গাটার সঙ্গে প্রথম পরিচয় প্রেমের ছিল না; ছিল অঙ্কের। অফিস ধানমণ্ডিতে। সামর্থ্যের মধ্যে ভালো একটা বাসা পাওয়া যায়, বাজার কাছে। হাসপাতাল কাছে। স্কুল, খাবার, গণপরিবহন—হাত বাড়ালেই কিছু না কিছু মেলে। ঘটনাচক্রে এসেছিলাম, থেকে গেছি অভ্যস্ততায়।
শহরে মায়া সাধারণত ভাড়ার চুক্তির পরে আসে। প্রথমে মানুষ হিসাব করে; তারপর ফলওয়ালা তার মুখ চিনে ফেলে। চায়ের দোকানি চিনি কতটুকু জানে। রিকশাওয়ালা গন্তব্য শুনে ভাড়া না বলেই প্যাডেলে পা রাখে।
যে রাস্তায় প্রথম দিন মানচিত্র দেখে হাঁটতে হয়েছিল, একদিন সেই রাস্তাতেই অচেনা কাউকে পথ দেখিয়ে দেওয়া যায়। তখন বোঝা যায়, শহরের একটি ছোট অংশ আপনাকে গ্রহণ করেছে। অথবা আপনি তার কাছে আত্মসমর্পণ করেছেন। দুটির পার্থক্য খুব বেশি নয়।
কয়েক দিন পর বিকেলে আনোয়ার সাহেবের বাড়িতে গেলাম। রিং রোড থেকে ভেতরের দিকে তিনতলা বাড়ি। দেয়ালে পুরোনো স্যাঁতসেঁতে দাগ, ছাদে দুটি পানির ট্যাংক, নিচতলায় লোহার ফটক। ফটকের পাশে এখনও তার বাবার নামফলক।
বাড়িটি তিনি করেছিলেন নব্বইয়ের দশকের শুরুতে। তখন বন্ধুরা বলেছিল, শহর থেকে এত দূরে জমি কিনে কী হবে।
এখন আবাসন কোম্পানির লোকেরা নিয়মিত আসে। হিসাব করে দেখায়, এই জমিতে দশতলা ভবন উঠবে। আনোয়ার সাহেব দুটি ফ্ল্যাট পাবেন, কিছু নগদ টাকা। ছেলেরা রাজি। তিনি নন।
—জীবনে একটাই বাড়ি বানাইছি, ভাই। এখন এইটা ভাঙলে আমি যাব কই?
—আপনাকে তো ফ্ল্যাট দেবে।
—ফ্ল্যাট তো আর বাড়ি না। বাড়ির যে মায়া....
কথা শেষ করেন না তিনি। ফটকের ওপর হাত রাখেন। হাত রাখার ভঙ্গিটি এমন, যেন বাড়িটি তার নয়; বরং তিনিই বাড়িটির শেষ অবলম্বন।
আমি তাকে বললাম, আমার তো মাঝে মাঝে মনে হয় শাহাবুদ্দিন প্লাজা কোনো পুরোনো নদীর বুকের ওপর দাঁড়িয়ে আছে।
—মনে হয় কেন? দাঁড়াইয়াই তো আছে, তিনি বললেন। এই রিং রোড কী ছিল জানেন? বাঁধ। ওই পারে পানি।
তারপর তিনি হাত তুলে পশ্চিম দেখালেন। এখন সেখানে ভবন। সাইনবোর্ড। তারের জট। মানুষের বারান্দা। কোনো নদী নেই। কিন্তু তার আঙুলটি কিছুক্ষণ শূন্যে স্থির থাকল, যেন ভবনগুলোর আড়ালে তিনি এখনও জল দেখতে পাচ্ছেন।
আনোয়ার সাহেবের স্মৃতি পঁয়ত্রিশ বছরের। কিন্তু মোহাম্মদপুরে একজন বৃদ্ধের কথা শেষ হওয়ার আগেই যেন আরও বৃদ্ধ কেউ গল্পটি ধরে ফেলেন।
তিনি বলেন, ১৯৭৮ সালে কৃষি মার্কেট নতুন ছিল, পশ্চিমে নৌকা ভিড়ত, জলপথে পণ্য নামত।
তার কথার পেছন থেকে ১৮১৪ সালের একটি ছবি কথা বলে ওঠে—সাত গম্বুজ মসজিদের পাশে জল, ঘাটে বাঁধা নৌকা। এখন মসজিদটিকে খুঁজতে হয় বাড়ি, দোকান আর সরু রাস্তার ভেতর। নদী সরে গেছে। শহর তার খালি বিছানায় শুয়ে পড়েছে।
ছবিটিরও দেড়শ বছর আগে, সম্ভবত ১৬৮০ সালের দিকে, শায়েস্তা খাঁর ছেলে উমিদ খান মসজিদটি বানিয়েছিলেন। তিনটি বড় গম্বুজ, চার কোণে আরও চারটি—সাত গম্বুজ।
আশপাশে জাফরাবাদ, সরাই বেগমপুর, কাটাসূর। ঘাটে নৌকা। দূরে কৃষিজমি। ইতিহাসের বইয়ের চেয়ে পুরোনো কোনো পারিবারিক অ্যালবামের মতো দৃশ্যটি খুলে যায়—পাতায় পাতায় জলের দাগ।
আবাসন কোম্পানির প্রথম সাইনবোর্ড ওঠার বহু আগে এখানেও মানুষ ছিল। তাদেরও ঠিকানা ছিল। শুধু ঠিকানার নিচে ডাকঘর নয়, নদীর নাম লেখা থাকত।
ঢাকা অদ্ভুত নিষ্ঠায় তার নদী ভুলে যায়। প্রথমে জল ভরাট করে। তারপর সেখানে রাস্তা বানায়। রাস্তার নাম দেয়। শেষে নতুন প্রজন্মকে বোঝায়, এখানে কখনও জল ছিল না।
আরেক দুপুরে রায়েরবাজার পালপাড়ায় অমল পালের দোকানে গেলাম। প্লাস্টিকের জিনিসপত্রের দোকান। সামনে রঙিন বালতি ঝোলে—লাল, নীল, সবুজ। ভেতরে উল্টে রাখা একটি কাঠের চাকা। ধুলোর নিচে তার রং বোঝা যায় না।
—এটা কি সেই চাকা?
অমল মাথা নাড়েন।
—সেই চাকা বলে কিছু নাই। সব চাকাই একসময় সেই চাকা হয়। যখন আর ঘোরে না।
জিজ্ঞেস করলাম, তাদের পরিবার কত পুরোনো।
—আমার বাবা-দাদার হিসাব জানি, অমল বললেন। তার আগেরটা পরিবারের না, পাড়ার হিসাব।
পাড়ার সেই হিসাব শুরু হয় সম্রাট জাহাঙ্গীরের সময়ে। রাজমহল থেকে নৌকায় এসেছিল তেরোটি পাল পরিবার। লালচে মাটি পেয়েছিল, পাশে জলপথ। ভোর থেকে চাকা ঘুরত। হাঁড়ি, কলস, পাতিল নৌকায় উঠে দূরের বাজারে যেত। ব্যবসার হিসাব রাখা ‘গদিঘর’ থেকে মন্দিরের খরচ যেত, মসজিদেরও। স্কুলও চলত। একই খাতার পাতায় মাটি, ধর্ম, লেখাপড়া আর সংসার পাশাপাশি লেখা হতো।
কত পুরুষ পরে সেই নৌকার উত্তরসূরি এখন প্রায় সত্তরটি পরিবার। পাল পদবিটি আছে। মাটির কাজ নেই। শেষ চাকাটিও থেমেছে প্রায় দেড় দশক আগে।
অমল প্লাস্টিকের একটি মগ নামিয়ে ক্রেতাকে দিলেন। তারপর বললেন—
—আগে মানুষ মাটির জিনিস ভাঙলে আবার কিনত। এখন প্লাস্টিক ভাঙে না। মানুষও ফেলে না। জমতে থাকে।
দোকানের সামনে নর্দমায় একই রঙের একটি ভাঙা মগ পড়ে আছে। আমি চাকার দিকে তাকালাম।
শহর সবসময় পুরোনো পেশাকে হত্যা করে না। কখনও শুধু তাকে অপ্রয়োজনীয় বানিয়ে পাশে রেখে দেয়। মানুষ প্রতিদিন দোকান খোলে, বিক্রি করে, সংসার চালায়; পেছনে তার বংশের চাকা ধুলো খায়।
পালপাড়ার ওপর দিয়ে শহর গেছে। আবার শহরের ওপর দিয়েও পালপাড়া রয়ে গেছে—একটি নাম হয়ে, কয়েকটি ভাঙা ঘর হয়ে, কারও পদবির শেষে।
পালদের নৌকা আসার বহু পরে মোহাম্মদপুরে আরেক দল মানুষ এল। তারা এল মানচিত্রের সোজা রেখা ধরে। দেশভাগের পর পুরোনো ঢাকার শরীরে আর মানুষ ধরছিল না।
পঞ্চাশের দশকের শেষ ও ষাটের দশকে জল-জমির ওপর কাটা হলো নতুন আবাসিক এলাকা—চওড়া রাস্তা, আয়তাকার প্লট, সামনে বাগান রাখার মতো বাড়ি। নতুন মধ্যবিত্তের হাতে ধরিয়ে দেওয়া হলো পুরোনো এক স্বপ্ন: নিজের জমি, নিজের ছাদ, গরমের দুপুরে নিজের উঠোনে আম গাছের ছায়া।
রাস্তার নাম রাখা হলো তাজমহল রোড, নূরজাহান রোড—নতুন পাড়াটি যেন নামের ভেতর নিজের পূর্বপুরুষ বানিয়ে নিল।
ইকবাল রোডে উঠল বড় ফটকের বাড়ি। উঠোন। বারান্দা। কৃষ্ণচূড়া। ভেতরে ড্রয়িংরুমের কাচের আলমারিতে দামি চায়ের কাপ, যেগুলো অতিথি না এলে নামে না।
মোহাম্মদপুর তখন মধ্যবিত্তের স্বপ্নের শেষ প্রান্ত। তার পরেই জল, জমি, অন্ধকার।
আনোয়ার সাহেব সেই স্বপ্নের একটু পরের মানুষ। নিজের হাতে বাড়ি বানিয়েছেন, কিন্তু শহর থেমে থাকেনি। ঢাকা তার বাড়িকে পেরিয়ে গেছে। রিং রোড পেরিয়েছে। বাঁধ টপকেছে। বছিলা পার হচ্ছে। একসময় যাকে বলা হয়েছিল শহর থেকে অনেক দূরে জমি কিনেছেন, এখন তার বাড়িই শহরের লোভের কেন্দ্রে।
—ঢাকা আগে এখানে শেষ হইত, তিনি বলেছিলেন। এখন মনে হয়, ঢাকা এখান থেকে শুরু হইয়া আর শেষই হয় না।
পুরোনো বাড়িগুলো একে একে ভাঙছে। পাঁচতলা, আটতলা, দশতলা ভবন উঠছে। একটা পরিবারের উঠোনের জায়গায় দশটা পরিবারের গাড়ি রাখার স্থান। একটা আমগাছের জায়গায় লিফট। একটা বারান্দার জায়গায় বিশটি বারান্দা। একে উন্নয়ন বললে ভুল হয় না। ক্ষয় বললেও পুরোটা বলা হয় না।
শহর একই সঙ্গে মানুষকে আশ্রয় দেয় এবং তার স্মৃতির জায়গা কমিয়ে আনে।
নূরজাহান রোডের মীর মঞ্জিল তাই আলাদা। ভেঙে ফেলার চাপের মধ্যেও বাড়িটি নতুন ব্যবহারে বেঁচে আছে। চারপাশে জমির দাম যখন স্মৃতির চেয়ে দ্রুত বাড়ে, তখন একটি পুরোনো বাড়ি রেখে দেওয়া প্রায় অবাধ্যতা।
মোহাম্মদপুরের আভিজাত্য এখন হয়তো বড় বারান্দায় নেই। কোথাও কোথাও তা টিকে আছে ভাঙতে অস্বীকার করার মধ্যে।
এই পাড়ায় রাস্তার নামও দরজার মতো। খুলতে পারলে ভেতর থেকে অন্য শহর বের হয়।
সলিমুল্লাহ রোডকে অনেকে নবাব সলিমুল্লাহর নামে ভাবেন। অথচ নামটির ভেতর একটি পরিবারের মার্চ মাস আটকে আছে।
তাজমহল রোডের বাড়িতে জেবুন্নেসা কাপড় সেলাই করছেন। তার ছোট ছেলে কাপড়ের বুকে বাংলাদেশের মানচিত্র আঁকছে। সলিম উল্লাহ সেই পতাকা ১৯৭১ সালের ২৩এ মার্চ বাড়ির ছাদে তুলছেন। তিন দিন পর তিনি আর নেই।
২৬এ মার্চ স্থানীয় সমাজকর্মী সলিম উল্লাহ শহীদ হন। ছোট ছেলেটি বড় হয়ে সাদি মহম্মদ নামে রবীন্দ্রসংগীত গাইবে। রাস্তাটি তার বাবার নাম ধরে রাখবে।
একটি পাড়ার ওপর বর্তমান খুব দ্রুত জমে। এত দ্রুত যে নিচের স্তরগুলো দেখা যায় না। ছিনতাইয়ের খবর আমরা জানি; যে বাড়ির ছাদে পতাকা উঠেছিল, তার খবর জানি না। অথচ দুটোই সত্য।
শহর কোনো একটি সত্য বেছে নিয়ে তৈরি হয় না। আমরা বেছে নিই কোন সত্যটি মনে রাখব।
বিকেলের পর মোহাম্মদপুর বদলে যায়। টাউন হলের বাজার গুটোয় না, শুধু আলো পাল্টায়। বাসের ভিড় বাড়ে। কলেজপড়ুয়ারা দল বেঁধে ফেরে। জেনেভা ক্যাম্পের দিকে খাবারের দোকানগুলোয় আগুন জ্বলে। শিকে গাঁথা মাংসের ওপর চর্বি গলে পড়ে; আগুন মুহূর্তের জন্য উঁচু হয়ে ওঠে। ধোঁয়ার ভেতর মুখগুলো দেখা যায়, আবার হারিয়ে যায়।
জিশান একটা চাপের দোকানে কাজ করে। বয়স ছাব্বিশ। জন্ম মোহাম্মদপুরে। তার বাবার জন্মও প্রায় এখানেই, যদিও তাদের পরিবারের ঠিকানার পাশে দীর্ঘদিন দেশের নামটা নিশ্চিত ছিল না।
—আপনারা আমাদের কী বলেন? জিশান জিজ্ঞেস করল। বিহারি? পাকিস্তানি? ক্যাম্পের লোক?
আমি উত্তর খুঁজছিলাম। সে নিজেই বলল—
—খাওয়ার সময় অবশ্য শুধু বলেন, আরেকটা চাপ দেন।
তার হাসিতে অভিযোগ ছিল কি না, বোঝা গেল না। সে আবার মাংস উল্টাতে ব্যস্ত হয়ে গেল।
জিশানের বংশলতিকা আঁকতে গেলে কয়েক প্রজন্মের নামের পাশে একই ঠিকানা লিখতে হবে—জেনেভা ক্যাম্প।
১৯৭১-এর পর দেশের বৃহত্তম উর্দুভাষী শিবিরটি অস্থায়ী আশ্রয় হিসেবে তৈরি হয়েছিল।
একটি জায়গাকে রাষ্ট্র ‘অস্থায়ী’ বলে রেখে দিতে পারে; মানুষের জীবন অস্থায়ী থাকতে জানে না। সেখানে সন্তান জন্মেছে, প্রেম হয়েছে, ঝগড়া হয়েছে, দোকান উঠেছে, ঈদের জামা কেনা হয়েছে, মানুষ মরেছে।
জিশানের শৈশব পেরিয়ে গেছে; কাগজে তার পরিবারের পরিচয় স্পষ্ট হতে অপেক্ষা করতে হয়েছে ২০০৮ সালের উচ্চ আদালতের রায় পর্যন্ত।
জিশানের মা ছোটবেলায় পানি আসার সময় ধরে রাখতেন। নির্দিষ্ট সময়ের বাইরে গোসলের পানি পাওয়া যেত না।
পুরোনোদের গল্পে জাপান গার্ডেন সিটির জায়গায় জল ছিল, নৌকা ভিড়ত। শিশুরা কখনও সংসদ ভবনের পাশের জলাশয়ে গোসল করতে যেত। এখন সেই শিশুরা বৃদ্ধ। জল নেই। ক্যাম্প আছে। জায়গার জন্য মানুষের লড়াই আছে।
জিশানকে জিজ্ঞেস করলাম, সে কখনও অন্য কোথাও থাকতে চায় কি না।
—চাই।
—কোথায়?
সে কিছুক্ষণ ভেবে বলল—
—যেখানে কোথা থেকে আসছি, এইটা আগে বলতে হবে না।
তারপর একটি প্লেটে চাপ তুলে আমার দিকে এগিয়ে দিল। পাশের টেবিলে ধানমণ্ডি থেকে আসা কয়েকজন তরুণ খাবারের ছবি তুলছিল।
মোহাম্মদপুরের নাম শুনলে যে শহর ফোন পকেটে রাখে, সেই শহরই কাবাব খেতে ক্যাম্পের গলিতে ঢোকে।
ভয় আর ক্ষুধা—দুটিই প্রবল। কোনো কোনো দিন গভীর রাতে ক্ষুধা জিতে যায়।
রাষ্ট্র মানুষগুলোকে নাগরিক বলে স্বীকার করতে দশকের পর দশক নিয়েছে। ঢাকা তাদের রান্নার স্বাদ চিনেছে আরও আগে।
একটি শহরের গ্রহণযোগ্যতা কখনও ভোটার তালিকা দিয়ে আসে, কখনও ধোঁয়া ওঠা একটি প্লেট দিয়ে। কোনটি বেশি স্থায়ী, বলা কঠিন।
মোহাম্মদপুর আসলে এসে ওঠা মানুষের জায়গা। পাল পরিবার এসেছে। দেশভাগের পর পরিবার এসেছে। উর্দুভাষী মানুষ এসেছে। সরকারি কর্মচারী, ছোট ব্যবসায়ী, নদীভাঙনে জমি হারানো মানুষ, নির্মাণশ্রমিক, বিশ্ববিদ্যালয়পড়ুয়া, নতুন চাকরিজীবী—লাখো মানুষ এখানে ভাগ্য খুঁজতে এসেছে।
কেউ জমি কিনে একমাত্র বাড়ি বানিয়েছে। কেউ একটি ঘর ভাড়া নিয়ে বেতনের দিন পর্যন্ত টিকে থেকেছে। কেউ দোকানের আগুনে মাংস উল্টেছে। কেউ, আমার মতো, ভাড়া ও অফিসের দূরত্ব মেপে এসে আট বছর থেকে গেছে।
অনেক পরে ডগ সন্ডার্সের ‘আগমন-নগর’ কথাটি পড়তে গিয়ে মনে হয়েছিল, তিনি বুঝি মোহাম্মদপুরের কোনো গলিতে বসেই নামটি ভেবেছেন।
শহরে আসা মানুষের প্রথম ঘাট—যেখানে কাজ শেখা হয়, পরিচয় তৈরি হয়, সন্তানকে স্কুলে দেওয়া হয়, একটু একটু করে ওপরে ওঠার চেষ্টা চলে।
ঘাটটি পথ করে দিলে মানুষ শহরের ভেতর জায়গা পায়। পথ আটকে দিলে একই ভিড়ের নিচে দারিদ্র্য, ক্ষোভ ও অপরাধ জমে।
মোহাম্মদপুরের ঘাটে এখন ভিড় বেশি। প্রায় সাত দশমিক চুয়াল্লিশ বর্গকিলোমিটারে পাঁচ লাখের বেশি মানুষ। জনঘনত্ব ঢাকার গড়ের দ্বিগুণেরও বেশি। পূর্বের পরিকল্পিত পাড়া, মাঝের ক্যাম্প ও ঘনবসতি, পশ্চিমের বাঁধ ও দ্রুত ওঠা আবাসন—সবকিছুকে আমরা একই নামে ডাকি। অথচ তাদের রাস্তা এক নয়, আলো এক নয়, রাষ্ট্রের উপস্থিতিও এক নয়।
অপরাধী দলগুলো এই ফাটল চেনে। কোন গলি দিয়ে ঢুকতে হয়, কোথায় আলো কম, কোথায় নদী বা বাঁধ ধরে দ্রুত সরে যাওয়া যায়, জমি ও নির্মাণের নগদ টাকা কোথায় ঘোরে—তারা জানে।
দারিদ্র্য অপরাধের দায়মুক্তির পত্র নয়। ইতিহাসও নয়। কারও ফোন ছিনিয়ে নেওয়া, অস্ত্র দেখানো বা জীবন কেড়ে নেওয়ার সামনে সাত গম্বুজ মসজিদের গল্প কোনো সান্ত্বনা দেয় না। কিন্তু শুধু গ্রেপ্তার দিয়ে কেন একই জায়গায় নতুন দল জন্মায়, সেই প্রশ্নটিও থেকে যায়।
একটি কিশোর স্কুলের পর কোথায় যায়? মাঠটি কার দখলে? গলির বাতি নষ্ট হলে কে বদলায়? নির্মাণের টাকা, স্থানীয় প্রভাব আর মাদকের কারবার কোথায় মেশে?
একটি পাড়া কেবল পুলিশের টহলে নিরাপদ হয় না; তাকে নিরাপদ হওয়ার মতো করে বানাতে হয়।
লোয়িক ওয়াকঁ এই অবস্থার জন্য ভারী একটি নাম রেখেছেন—“ভূখণ্ডগত কলঙ্ক”। শব্দটি মনে রাখা কঠিন; আনোয়ার সাহেবের বাক্যটি সহজ—মোহাম্মদপুর বললেই মানুষ আগে পকেট চাপে।
দুজন আসলে একই গল্প বলেন। জায়গার বদনাম বাসিন্দার শরীরে উঠে আসে। চাকরি, বাসা, সম্পর্ক—সবকিছুর আগে ঠিকানা কথা বলে। অপরাধ বাস্তবই থাকে, শুধু ধীরে ধীরে অপরাধীর সঙ্গে নিরপরাধ মানুষের দূরত্বটি মুছে যায়। বাঁকা চোখে তাকানো তখন শুধু ভয় নয়; একটি সংক্ষিপ্ত বিচার।
আনোয়ার সাহেব, অমল পাল আর জিশান—তিনজনের মধ্যে কোনো মিল থাকার কথা নয়। একজন তার একমাত্র বাড়ি ভাঙতে চান না। একজন প্লাস্টিক বিক্রি করেন, পেছনে পড়ে থাকে তার উত্তরাধিকারের মাটির চাকা। আরেকজন নাগরিকত্বের চেয়ে দ্রুত খাবারের অর্ডার পায়।
তবু তাদের গল্পের নিচে একই স্রোত: শহর এসেছে, জায়গা নিয়েছে, নাম বদলেছে, মানুষকে নতুন পরিচয় দিয়েছে। কেউ সেই পরিচয়ে জায়গা পেয়েছে; কেউ নিজের পুরোনো নামটি বাঁচিয়ে রেখেছে।
কয়েক রাত পর এগারোটার দিকে আমি আবার শাহাবুদ্দিন প্লাজার সামনে ফিরি। চায়ের দোকান খোলা। মার্কেটের ফটকে নতুন কয়েকটি মুখ। একটি পরিবার রাস্তার পাশে দাঁড়িয়ে ওপরের বারান্দাগুলো দেখছে। লোকটির হাতে দালালের নম্বর লেখা কাগজ। আমাকে থামিয়ে জিজ্ঞেস করলেন—
—ভাই, এই বিল্ডিংয়ে বাসা কেমন?
প্রশ্নটির উত্তর অনেকভাবে দেওয়া যায়।
বলতে পারতাম, বাজার কাছে। ধানমণ্ডি কাছে। এই ভাড়ায় বাসা ভালো। নিচে নামলেই সব পাওয়া যায়।
বলতে পারতাম, রাতে ফোন সাবধানে রাখবেন। নির্জন গলি এড়িয়ে চলবেন।
বলতে পারতাম, আপনার পায়ের নিচে একসময় জল ছিল। এই রাস্তা বাঁধ ছিল। এই শহর এখানে শেষ হতো। এখন এখান থেকে আরও পশ্চিমে শুরু হয়।
আমি শুধু বললাম—
—পশ্চিমের দিকের বারান্দা নিলে বিকেলে আলো পাবেন।
লোকটি ওপরের দিকে তাকাল। তার পাশে একটি বাচ্চা ঘুমাচ্ছে, মায়ের কাঁধে মাথা রেখে। হয়তো কয়েক দিনের মধ্যে তারা এখানে উঠে আসবেন। বারান্দায় কাপড় শুকাবেন। নিচের দোকানি তাদের মুখ চিনবেন। শিশুটি বড় হয়ে নিজেকে মোহাম্মদপুরের স্থানীয় বলবে। কেউ তখন তাকে জিজ্ঞেস করবে না, তার পরিবার কবে এসেছিল।
রাস্তা পার হওয়ার আগে আমি আবার ফোনটা পকেটের ভেতর চেপে দেখি। অভ্যাস! ভয়! দুটোকে আলাদা করা যায় না। সামনে গাড়ির দীর্ঘ সারি রিং রোড ধরে এগোয়। লাল আলো, সাদা আলো, হর্নের শব্দ—একটি স্রোত।
নদীটি নেই।
তার বুকের ওপর শহর এখনও বয়ে যাচ্ছে।
লেখক: উন্নয়নকর্মী ও খণ্ডকালীন শিক্ষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
[মতামত লেখকের নিজস্ব]