ডার্ক ট্যুরিজম: বিপর্যয়ের চিহ্ন দেখে বেড়ানো পর্যটকদের মনস্তত্ব

একদল মানুষ যাচ্ছেন উক্রেইনে। তারা বেড়াতে যাবেন চেরনোবিলে। তারা সেখানে দেখবেন ১৯৮৬ সালে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনায় ধ্বংস হয়ে যাওয়া এক জনপদ।

পোল্যান্ডের আউশভিৎস যাচ্ছেন আরেকদল। সেই আউশভিৎস যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনী লাখ লাখ মানুষ গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছিল।

চেরনোবিল কিংবা আউশভিৎস, এগুলো কোনো বেড়ানোর জায়গা হল?

ছুটি কাটাতে কোথায় সমুদ্রসৈকত যাবেন, নয়তো পাহাড়ে যাবেন, তা না করে যাচ্ছেন বহু বছর আগের একটি গণহত্যার চিহ্ন আছে যেখানে সেখানে! 

কেনই বা কেউ গাঁটের পয়সা খরচ করে দেখতে যাবেন এমন একটি শহর যেটা স্রেফ ধ্বংসস্তুপ, পরিত্যক্ত।  

স্রেফ পয়সা নষ্ট। এসব জায়গায় যেতে প্রাণের ঝুঁকিও আছে। 

কোথাও গেলে আপনি আক্রান্ত হতে পারেন তেজস্ক্রিয়তার ঝুঁকিতে। কোথাও যাত্রাপথ দুর্গম। শ্বাপদসঙ্কুল। 

এত কিছুর পরও এসব জায়গায় যেতে মানুষের আগ্রহ বেড়েই চলেছে।

অদ্ভুত লাগছে না? অদ্ভুতই বটে।

এই অদ্ভুত ঘোরাফেরার একটি গালভরা ইংরেজি নাম আছে, ডার্ক ট্যুরিজম। বাংলায় কী বলবেন? অন্ধকার পর্যটন নাকি কৃষ্ণ পর্যটন?

যেখানে আকর্ষণ সৌন্দর্য নয়, ভয়ংকর ইতিহাস

সাধারণত ছুটি কাটানোর কথা ভাবলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে নায়াগ্রা জলপ্রপাত, আইফেল টাওয়ার, গিজার পিরামিড কিংবা পাতায়ার সৈকত।

বাংলাদেশে কক্সবাজার, সেইন্ট মার্টিন, বান্দরবান, কাপ্তাই, সুন্দরবন কিংবা সাজেক। এসব জায়গায় মানুষ যায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিতে।

কিন্তু ডার্ক ট্যুরিজমের আকর্ষণ ঠিক এর উল্টো। 

এখানে সৌন্দর্য হাতছানিকে ছাপিয়ে যায় অজানা কৌতুহল। ভয়াবহ ঘটনার স্মৃতি। আকর্ষণ তৈরি করে বিভৎসতার সাক্ষী। 

আকর্ষণের কেন্দ্রে কোথাও যুদ্ধের ক্ষতচিহ্ন, কোথাও গণহত্যার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভবন, কোথাও আবার পারমাণবিক বিস্ফোরণে পরিত্যক্ত শহর।

ডার্ক ট্যুরিজম বলতে এমন সব স্থানে ভ্রমণকে বোঝায়, যেগুলোর সঙ্গে মৃত্যু, যুদ্ধ, গণহত্যা, নির্যাতন, কারাবন্দিত্ব, ভয়াবহ দুর্ঘটনা কিংবা ঐতিহাসিক বিপর্যয়ের স্মৃতি জড়িয়ে আছে।

১৯৯৬ সালে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির দুই শিক্ষক জন লেনন ও ম্যালকম ফোলি ডার্ক ট্যুরিজম ধারণাটিকে আলোচনায় আনেন। তাদের ব্যাখ্যায়, মৃত্যু ও বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে ভ্রমণই ডার্ক ট্যুরিজমের মূল বিষয়।

ওয়াশিংটন পোস্টের ব্যাখ্যাতেও গণহত্যা, রাজনৈতিক হত্যাকাণ্ড, কারাবন্দিত্ব, জাতিগত নিধন, যুদ্ধ এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে ডার্ক ট্যুরিজমের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোনো জায়গা শুধু সুন্দর বা মনোরম বলেই পর্যটনকেন্দ্র হয়ে উঠবে, এমন নয়। অতীতের ভয়াবহ কোনো ঘটনা একটি স্থানকে মানুষের কাছে আগ্রহের কেন্দ্র করে তুলতে পারে।

পোল্যান্ডের আউশভিৎস

যে শহরে একদিনে বদলে গিয়েছিল সবকিছু

ডার্ক ট্যুরিজমের কথা উঠলে প্রথমেই আসে উক্রেইনের চেরনোবিলের নাম।

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এর ফলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। কেন্দ্রটির কাছেই ছিল প্রিপিয়াত শহর। 

একসময় সেখানে হাজার হাজার মানুষের বসবাস ছিল। ছিল স্কুল, হাসপাতাল, দোকানপাট, বিনোদনকেন্দ্র। কিন্তু দুর্ঘটনার পর শহরটি দ্রুত খালি করে দেওয়া হয়।

রাতারাতি শহরটি হয়ে যায় ভুতুড়ে। পরিত্যক্ত।

যে শহরে একসময় মানুষের ব্যস্ততা ছিল, সেখানে পড়ে থাকে খালি বাড়িঘর, স্কুলের শ্রেণিকক্ষ, হাসপাতাল আর মরচে ধরা নাগরদোলা। 

সময়ের সঙ্গে প্রকৃতি অনেকটা জায়গা দখল করে নিয়েছে। মানুষের অনুপস্থিতিতে শহরটি আজ পরিণত সুবিশাল এক স্মৃতিস্তম্ভে। 

নীরব নিথর এক শহর।

এই নীরবতার পেছনে আছে ভয়াবহ এক বিপর্যয়ের ইতিহাস।

এই ইতিহাস কাছ থেকে দেখতে আগ্রহী হয়েছেন অসংখ্য পর্যটক। তাদের কাছে চেরনোবিল শুধু একটি পরিত্যক্ত শহর নয়, এটি মানুষের প্রযুক্তিগত ভুল, বিপর্যয় এবং তার দীর্ঘমেয়াদি পরিণতির এক বাস্তব দলিল।

শুধু কি চেরোনোবিলই একমাত্র জায়গা? 

না। 

ডার্ক ট্যুরিজমের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য পোল্যান্ডের আউশভিৎস-বিরকেনাউ কনসেন্ট্রেশন ক্যাম্পও। 

সেখানে গেলে গা হিম করা একটা ঘটনার ঐতিহাসিক স্থানের সাক্ষী হবেন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী এই বন্দিশিবিরে ১১ লাখের বেশি মানুষকে হত্যা করে। 

নিহতদের বড় অংশই ছিলেন ইহুদি। গ্যাস চেম্বারে অমানবিক নির্যাতনে মাধ্যমে এই হত্যাযজ্ঞ চালায় নাৎসি বাহিনী।

আজ সেখানে গেলে দেখা যায়, বন্দিশিবিরের ভবন, বন্দিদের ব্যবহৃত জিনিসপত্র এবং সেই সময়ের নানা নিদর্শন। 

জায়গাটি এখন জাদুঘর ও স্মৃতিসৌধ হিসেবে সংরক্ষিত। 

সেখানে ঘুরতে যাওয়া মানে শুধু অতীতের একটি স্থাপনা দেখা নয়; বরং মানুষের ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যায়গুলোর একটির মুখোমুখি হওয়া।

রোমের কলোসিয়ামের ভূগর্ভস্থ অংশ

আরও যেসব স্থান টানে পর্যটকদের

ডার্ক ট্যুরিজমের আরও অনেক জায়গা আছে, যেগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ভয়াবহ ইতিহাসের কারণে।

জাপানের হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক তার একটি। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালের ৬ই অগাস্ট হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় শহরের বড় অংশ। প্রাণ হারান অসংখ্য মানুষ। 

সেই ধ্বংসযজ্ঞের স্মৃতি ধরে রেখেছে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক। সেখানে গেলে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

কম্বোডিয়ার কিলিং ফিল্ডস ও তুল স্লেং জাদুঘরও এমন দুটি স্থান। 

খেমাররুজ শাসনামলে দেশটিতে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। হাজার হাজার মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়। 

এসব স্থানে গেলে সেই সময়ের নিষ্ঠুরতার নানা নিদর্শন দেখতে পাওয়া যায়।

ফ্রান্সের প্যারিস ক্যাটাকম্বসও ভিন্ন ধরনের এক ডার্ক ট্যুরিজম স্পট। 

শহরের ভূগর্ভস্থ সুড়ঙ্গে লাখ লাখ মানুষের হাড়গোড় সংরক্ষিত রয়েছে। 

পর্যটকেরা সেখানে গিয়ে দেখতে পারেন মৃত্যুকে ঘিরে গড়ে ওঠা এক অদ্ভুত ভূগর্ভস্থ জগৎ।

দক্ষিণ আফ্রিকার রবেন আইল্যান্ডের গল্প কিছুটা আলাদা। 

বর্ণবাদী শাসনামলে এটি ছিল বন্দিশিবির। এখানেই দীর্ঘদিন বন্দি ছিলেন নেলসন ম্যান্ডেলা। বর্তমানে এটি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী সংগ্রামের ইতিহাস জানার গুরুত্বপূর্ণ স্থান।

এগুলো ছাড়াও রোয়ান্ডার গণহত্যার স্মৃতিবিজড়িত স্থান, বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধের স্মৃতিচিহ্ন এবং ইতালির পম্পেই শহরও ডার্ক ট্যুরিজমের পরিচিত গন্তব্য।

পম্পেইয়ের গল্প অবশ্য আরও পুরোনো। ৭৯ খ্রিষ্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শহরটি ছাই ও আগ্নেয় পদার্থের নিচে চাপা পড়ে। 

শতাব্দীর পর শতাব্দী মাটির নিচে চাপা থাকার পর খননের মাধ্যমে শহরটির বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। 

এখন সেখানে গেলে প্রাচীন রোমান সভ্যতার জীবনযাত্রার পাশাপাশি সেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের চিহ্নও দেখা যায়।

ডার্কট্যুরিজম ডটকমের তালিকায় এমন অভিজ্ঞতার জন্য উপযোগী ২০টি দেশের কথা উল্লেখ করা হয়েছে। 

দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান, রোয়ান্ডা, কম্বোডিয়া, ইউক্রেন, অস্ট্রিয়া, কাজাখস্তান, উত্তর কোরিয়া, রাশিয়া, ভিয়েতনাম, বসনিয়া ও হার্জেগোভিনা, চিলি, ইন্দোনেশিয়া, তুর্কমেনিস্তান, থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য ও আজারবাইজান।

ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ব্যক্তিদের দেহাবশেষের ছাঁচ

মানুষ কেন মৃত্যুর স্মৃতি দেখতে যায়?

মৃত্যু, সহিংসতা, বিপর্যয় কিংবা ভয়ংকর ঘটনার প্রতি মানুষের স্বাভাবিক কৌতূহল রয়েছে।

মনোবিজ্ঞানের ভাষায় ‘মরবিড কিউরিওসিটি’।

আমরা অনেক সময় এমন কোনো দুর্ঘটনার খবর শুনলে বিস্তারিত জানতে চাই। ভয়াবহ কোনো ঘটনা ঘটলে তার ছবি, ভিডিও কিংবা ঘটনার পেছনের কারণ খুঁজে দেখি। এমনকি কোনো অপরাধের গল্প বা ভয়ংকর ঘটনা নিয়ে তৈরি তথ্যচিত্রও আমাদের আগ্রহ তৈরি করে। 

বিষয়টি শুধু ভয় পাওয়ার নয়, বরং ভয়ংকর কিছু কীভাবে ঘটল, কেন ঘটল এবং তার পরিণতি কী হয়েছিল, তা জানার আগ্রহও এর সঙ্গে জড়িত। ডার্ক ট্যুরিজমে এই কৌতূহল মানুষকে সরাসরি ঘটনার স্থানে নিয়ে যায়।

এর আরেকটি কারণ ইতিহাসকে কাছ থেকে অনুভব করার চেষ্টা। 

বইয়ে আউশভিৎসের গণহত্যার কথা পড়া আর সেই বন্দিশিবিরে দাঁড়িয়ে থাকা এক বিষয় নয়। 

হিরোশিমার পারমাণবিক হামলার ইতিহাস জানা আর সেই হামলার স্মৃতিচিহ্নের সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাও এক নয়।

কেউ কেউ এসব জায়গায় যান নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে। কেউ যান ইতিহাস জানতে। আবার কারও কাছে এটি নিজের ভয়, কৌতূহল ও অজানা অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার একটি উপায়।

সামাজিক যোগাযোগমাধ্যমও এই আগ্রহকে আরও দৃশ্যমান করেছে। ইনস্টাগ্রাম, ইউটিউব কিংবা টিকটকে পরিত্যক্ত শহর, পুরোনো কারাগার, গণকবর, দুর্গম পাহাড় কিংবা ভৌতিক বলে পরিচিত স্থানের ভিডিও নিয়মিত দেখা যায়।

তবে সব ডার্ক ট্যুরিজমের অভিজ্ঞতা যে বিপজ্জনক, তা নয়। অনেক স্থান জাদুঘর, স্মৃতিসৌধ ও সংরক্ষিত পর্যটনকেন্দ্র হিসেবে পরিচালিত হয়। আবার কিছু পরিত্যক্ত বা দুর্গম স্থানে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি থাকে।

উক্রেইনের চেরনোবিল

ভয়ংকর ইতিহাস ঘিরে পর্যটনের বাজার

গ্র্যান্ড ভিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে ডার্ক ট্যুরিজমের বাজারের আকার ছিল প্রায় ৩১ দশমিক ৮ বিলিয়ন ডলার।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে এই বাজারের আকার ৩৮ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে, আটলান্টিস প্রেসে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৬ সালের মধ্যে এ খাতের বাজার ৪৩ থেকে ৪৬ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, একসময় যে পর্যটনকে কেবল ইতিহাসের স্মৃতিচারণ বা গবেষণার বিষয় হিসেবে দেখা হতো, তা এখন পর্যটনশিল্পেরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।

এসব স্থানকে কেন্দ্র করে গড়ে উঠছে ভ্রমণ, গাইড সেবা, জাদুঘর, স্থানীয় ব্যবসা এবং অন্যান্য পর্যটনসেবা।

মৃত মানুষের স্মৃতি কি পর্যটনের পণ্য?

ডার্ক ট্যুরিজমের বাজার যত বড় হচ্ছে ততই এর নৈতিকতার প্রশ্ন উঠছে বারবার।

ধরুন আপনি ফ্রান্সের প্যারিস ক্যাটাকম্বসে গেলেন। সেখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। সুড়ঙ্গে হাড়গোড় পরে আছে। এখন সেখানে গিয়ে আপনি হাসিমুখে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন - সেটা কি মৃতদের প্রতি অসম্মান নয়? 

হয়তো আপনি এমন হাসিমুখের ছবি তুলবেন না। কিন্তু কেউ যদি তুলে ফেলে আপনার কীইবা করার থাকবে?  

আবার কেউ যদি গণকবর কিংবা যুদ্ধের ধ্বংসস্তূপকে কেবল রোমাঞ্চকর ভ্রমণের জায়গা হিসেবে দেখেন, তাহলে সেই জায়গার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের কষ্ট ও ইতিহাসের গুরুত্ব কোথায় থাকবে?

সমালোচকদের আশঙ্কা, গণহত্যা, মৃত্যু ও বিপর্যয়ের স্মৃতিকে পর্যটনের পণ্যে পরিণত করা হলে ভুক্তভোগীদের কষ্ট বাণিজ্যিক স্বার্থে ব্যবহৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়। 

বিশেষ করে বিনোদনের উদ্দেশ্যে এসব স্থানে যাওয়া কিংবা অসম্মানজনক আচরণ করা নিয়ে আপত্তি রয়েছে।

তবে এর বিপরীতেও যুক্তি আছে। 

এসব স্থান পর্যটকদের জন্য খোলা রাখার কারণে অতীতের ভয়াবহতা সম্পর্কে জানতে পারছে। নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারছে। নিজ চোখে ইতিহাসের এসব স্মৃতিচিহ্ন দেখতে পাচ্ছে। 

তাই ডার্ক ট্যুরিজম নিজে অনৈতিক কি না, তার সহজ কোনো উত্তর নেই। বিষয়টি অনেকটাই নির্ভর করে পর্যটকের উদ্দেশ্য, আচরণ এবং সংশ্লিষ্ট স্থানের ব্যবস্থাপনার ওপর।

কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রসৈকতে যাওয়া আর গণহত্যার স্মৃতিবিজড়িত কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্য এক নয়। 

কেউ প্রকৃতির সৌন্দর্য দেখতে যান, কেউ ইতিহাসের মুখোমুখি হতে চান। কেউ জানতে চান মানুষের নিষ্ঠুরতার সীমা কত দূর যেতে পারে। আবার কেউবা চান অতীতের ভুলগুলো যেন ভবিষ্যতে আর না ঘটে।