ঢাকার ওয়ারীর একটি আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্য রাতে জয়কালী মন্দির সংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাত ২টার পর দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি ওই হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারের শব্দ শুনতে পেয়ে হোটেলটির জিএম আব্দুর রাজ্জাক এবং কর্মচারী হাসান এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
আহত তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজন মুরগী ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত। তবে তাদের মধ্যে বিরোধের পেছনে আসল কারন কী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। সেই সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।