অভিযোগ ‘ধর্ম অবমাননা’, অতঃপর মব, ফেনীতে দুই কনটেন্ট ক্রিয়েটর জেলে

মঙ্গলবার ফেনী শহরের কলেজ রোডের গার্ডেন সিটির একটি বাড়ির নিচে জড়ো হতে থাকে একদল মানুষ। অভিযোগ, ওই বাড়ির দুই বাসিন্দা সামাজিক মাধ্যমে তাদের কনটেন্টের মাধ্যমে 'ধর্ম অবমাননা' করেছেন। খবর পেয়ে পুলিশ এসে এক যুবক ও এক নারীকে আটক করে গাড়িতে তোলে আর তখনই ঘিরে ধরে উত্তেজিত জনতা। ‘‘ভুয়া, ভুয়া’’ স্লোগানের মধ্যে দিয়ে ইট-পাটকেল ছোঁড়া হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটক দুইজনকে গাড়িতে তোলা হচ্ছে আর চারপাশের ভিড় করে আছে উত্তেজিত জনতা। আটক করা যুবককে এক পর্যায়ে শারীরিকভাবে আক্রমণও করা হয়। কয়েকজনকে পুলিশের গাড়িতে উঠে মারধর করতে দেখা যায়।

ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল গণমাধ্যমকে বলেছেন, বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা হয়েছে। এতে গাড়িতে থাকা নারী কনস্টেবল ও গাড়িচালক আহত হয়েছেন।

কারা এই দুইজন

আটক দুজন ‘লিহন প্রাইম’ নামে ফেইসবুক অ্যাকাউন্ট থেকে কনটেন্ট প্রচার করতেন। একজন আনোয়ার হোসেন পারভেজ। অন্যজন তার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। 

তাদের কনটেন্টের বিষয় ছিল বিবর্তনবাদ, স্নায়ুবিজ্ঞান, মহাবিশ্বতত্ত্ব, মনোবিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। পাশাপাশি তারা করতেন যুক্তিবাদ ও মতাদর্শিক বিশ্লেষণ। ফেইসবুক অ্যাকাউন্টির ফলোয়ারের সংখ্যা প্রায় আড়াই লাখ।

ভিডিও কনটেন্ট ছাড়াও পারভেজ বিজ্ঞান ও দর্শনভিত্তিক বেশকিছু বইও লিখেছেন। এর মধ্যে রয়েছে ভালোবাসার ফসিল, সায়ানোব্যাক্টেরিয়া থেকে সাইবারসেক্স ও ডিল্যুশন অব গ্র্যান্ড ডিজাইন।

আটক করার পর মঙ্গলবার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছে। তাদের বিরুদ্ধে "ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার" অভিযোগ আনা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশ পরিদর্শক সাজিদ কামাল। এছাড়া পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।

বুধবার ফেনীর একটি আদালত পারভেজ ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেছেন, ওই যুবক ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

বিভক্ত প্রতিক্রিয়া

এই দুই কনটেন্ট ক্রিয়েটরকে আটকের ঘটনা ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা- সমালোচনা। অনেকে তাদের নাস্তিকতা ও বহুগামিতার প্রচারক দাবি করে বিচার চেয়েছেন। আবার অনেকে একে দেখছেন বাকস্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে।

ফেইসবুক ব্যবহারকারী পলক ইসলাম লিখেছেন, ‘’ওদের অপরাধ ওরা বিজ্ঞান, দর্শন ও থিওলজি বিষয়ে লিখতো ও কনটেন্ট বানাতো।” তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন পলক।

লেখক তাসলিমা নাসরিনও ফেইসবুকে তাদের মুক্তি ও নিরাপত্তা চেয়েছেন। হামলার ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “ভিন্নমত প্রকাশ করলে জিহাদিরা এভাবে উন্মত্ত হয়ে ওঠে। লিহন প্রাইম এযাত্রায় প্রাণে বেঁচেছেন। তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকারের।”