মামলায় হাজিরা দিতে এসে পালালো আসামি

পুলিশি হেফাজত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে আবারও পালিয়েছে হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে তাকে গারদখানায় নেওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে যায় সে।

এর আগে ২০২৫ সালের ১৯এ জুন ঢাকার তৃতীয় দায়রা জজ আদালতের এজলাস থেকে আসামি শরিফুল ইসলামকে হাজতখানায় নেওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে যায়। পালানোর সময় এক পুলিশ সদস্যকে আঘাতও করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল আলাপ-কে বলেন, “পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে আদালতের ভেতরের অন্য একটি দরজা দিয়ে শরিফুল পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আরও একটি মামলা করা হবে।“

প্রাথমিকভাবে যে পুলিশ কনস্টেবলের হেফাজত থেকে আসামি পালিয়েছে, তারও দায় পাওয়া গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আলাপ-কে জানান, “একই আসামির বারবার পালিয়ে যাওয়ার ঘটনা অপ্রত্যাশিত। পুলিশি হেফাজত থেকে আসামি পালানোর ঘটনা নিরাপত্তার জন্য উদ্বেগের। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।“

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী,  শরিফুল ইসলাম রাজধানীর খিঁলগাও থানায় ১৪ বছর বয়সী জিসান হত্যা মামলার আসামী। এ মামলায় আসামি শরীফুল ইসলাম ছয় বছর কারাগারে ছিলেন। ২০২৫ সালের ১৯এ জুন মামলার শুনানির দিন তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।সেদিন দুপুরে শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় পুলিশ কনস্টেবলকে আঘাত করে পালিয়ে যান তিনি। 

আদালত থেকে পালিয়ে যাওয়ার সেই ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে সেই মামলায় গ্রেপ্তারও হন তিনি।