ঢাকা বারিধারার ১ নম্বর সড়কে দ্রুতগতির একটি অনিয়ন্ত্রিত প্রাইভেট কার ফুটপাতে উঠে গেলে তার চাপায় প্রাণ হারিয়েছেন মেহেদী নামের একজন নির্মাণশ্রমিক। ঘটনার সময় তিনি ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি পাশের একটি ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
মঙ্গলবার বিকেলে বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের জার্মান দূতাবাসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত মেহেদীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, মেহেদীর মাথা, ঘাড় ও পিঠে গুরুতর আঘাত ছিলো।
সিসিটিভি ফুটেজে একজন কিশোরকে গাড়ির চালকের আসনে দেখা গেলেও মামলায় আসামি করা হয়েছে অন্য একজনকে। এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক ওই কিশোর সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে ফেলে।
পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর জনরোষ থেকে ওই কিশোরকে রক্ষা করতে তাকে হেফাজতে নেওয়া হয়েছিলো। পরে জিজ্ঞাসাবাদ শেষে তার চাচার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, ওই কিশোর গুলশানের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের শিক্ষার্থী। গুলশান থানা পুলিশ তার নাম প্রকাশ করেনি।
তবে পুলিশ জানিয়েছে, তার বাবা বিমান বাংলাদেশের একজন ক্যাপ্টেন। তার নাম আব্বাস আলী শরীফ।
দুর্ঘটনায় পড়া প্রাইভেট কারটিও আব্বাস আলী শরীফের স্ত্রীর নামে নিবন্ধিত বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর নিহত মেহেদীর ভাই মোক্তাদির ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। তবে মামলায় চালক হিসেবে আসামি করা হয়েছে ৪৪ বছর বয়সী আকাশ নামে এক ব্যক্তিকে।
পুলিশ বলছে, ওই ব্যক্তি এখন পলাতক। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার ফোনও বন্ধ রয়েছে।
তবে রাত বুধবার রাত ৮:৫০ মিনিটে, সদ্য যোগ দেওয়া গুলশান থানার ওসি জাহেদ নূর ওই কিশোরকে আটকের খবর নিশ্চিত করেন।
তিনি আলাপ-কে জানান, গুলশানের বাসা থেকে সেই কিশোরকে আটক করা হয়েছে।