সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় এই নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দুই দিন জিজ্ঞেসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় তাকে ঢাকা সেনানিবাস থেকে মিলিটারি পুলিশের পাহারায় ট্রাইব্যুনালে আনা হয়। এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ তাকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে এ আদেশ দেন আদালত।
পরবর্তী শুনানি পর্যন্ত মোজাফফরকে সেনা হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। পরবর্তী শুনানি ২৩এ সেপ্টেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের করা এক আবেদনের প্রেক্ষিতে তাকে হাজির করার আদেশ দেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার আরেক সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো মোজাফফরের। মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফরের সংশ্লিষ্টতা খুঁজতে দুইজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর।
গত ১৫ই জুলাই রাতে বনানী ডিওএইচএসের ৫ নাম্বার রোডের ৭১ নাম্বার বাড়ির চার তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৬ই জুলাই বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মোজাফফরকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৭ই জুলাই শুক্রবার মোজাফফরকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সামরিক আদালতের হেফাজতে নেওয়া হয়।