কপ ৩১ কেন ভেস্তে গেল, দায় কার?

দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা, নির্ধারিত সময় পেরিয়ে আরও দুই দিনের আলাপ, তবু শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারলেন না বিশ্বনেতারা। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ ৩১) শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের পর এই প্রথম জাতিসংঘের কোনো জলবায়ু সম্মেলন শেষ হলো চূড়ান্ত সমঝোতা ছাড়াই।

সম্মেলনের আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রস্তাবিত চূড়ান্ত দলিল ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ প্রত্যাখ্যান করে। তাদের অভিযোগ, প্রস্তাবিত দলিলে জলবায়ু সংকটের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই।

কিন্তু কেন জলবায়ু সংকটের ভয়াবহতা স্বীকার করার পরও দেশগুলো একমত হতে পারল না? 

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ

কপ ৩১-এর অচলাবস্থার মূল কারণ ছিল জীবাশ্ম জ্বালানি। কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ে, যা বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ। ফলে এসব জ্বালানির ব্যবহার ধীরে ধীরে বন্ধ করার বিষয়ে একটি সুস্পষ্ট বৈশ্বিক রূপরেখা চেয়েছিল ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে ধীরে ধীরে তা থেকে সরে আসার কথা বলা হয়েছিল। কিন্তু কপ-৩১-এর চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানি নিয়ে কোনো কথাই উল্লেখ করা হয়নি। অর্থাৎ, আগের সম্মেলনে যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, এবারের খসড়ায় সেটিও রাখা হয়নি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবসহ বড় তেল উৎপাদনকারী দেশগুলো চায়নি, সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে তেল-গ্যাসের ব্যবহার বন্ধ বা কমানোর বিষয়ে কোনো প্রতিশ্রুতি থাকুক। কারণ, এসব জ্বালানি বিক্রি করেই তাদের বড় আয় আসে। তাদের আশঙ্কা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর সিদ্ধান্ত হলে ভবিষ্যতে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, কপ ৩১-এর সমাপনী অধিবেশনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বক্তব্য দেন আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ড্যারাগ ও'ব্রায়েন। তিনি বলেন, “জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, এমন কোনো জলবায়ু চুক্তি গ্রহণযোগ্য নয়।”

একই অধিবেশনে মার্শাল আইল্যান্ডসের জলবায়ুবিষয়ক দূত ক্যাথি জেটনিল-কিজিনার বলেন, তেল ও গ্যাসের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় তারা নিজেদের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলতে চান না। তিনি মনে করেন, প্রস্তাবিত চুক্তি তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে পারে।

জীবাশ্ম জ্বালানির পাশাপাশি কার্বন ক্যাপচার প্রযুক্তি নিয়েও দেশগুলোর মধ্যে বিতর্ক তৈরি হয়। এই প্রযুক্তির মাধ্যমে কলকারখানা বা বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়ার আগেই বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করা হয়। তেল উৎপাদনকারী দেশগুলো মনে করছে, এই প্রযুক্তি ব্যবহার করে পরিবেশের ক্ষতি কমিয়েও তেল ও গ্যাসের ব্যবহার চালিয়ে যাওয়া সম্ভব।

তবে পরিবেশবাদী ও জলবায়ু বিশেষজ্ঞদের একাংশ এ যুক্তির সঙ্গে একমত নন। তাদের আশঙ্কা, কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বদলে কার্বন ক্যাপচার প্রযুক্তির ওপর বেশি নির্ভর করলে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার দীর্ঘদিন ধরে চলতে পারে।

অর্থাৎ, দূষণের মূল উৎস বন্ধ না করে দূষণ নিয়ন্ত্রণের প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়বে। ফলে জলবায়ু সংকট মোকাবিলার মূল লক্ষ্যই বাধাগ্রস্ত হতে পারে।

পানামার প্রধান জলবায়ু আলোচক আনা আগুইলারও প্রস্তাবিত চুক্তির সমালোচনা করেন। তিনি বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা না করে চুক্তিতে কার্বন ক্যাপচার প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলোর অবস্থানও দুর্বল করা হয়েছে।”

তার মতে, এমন সিদ্ধান্ত জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অগ্রগতির বদলে বিশ্বকে পেছনের দিকে ঠেলে দেবে।

জলবায়ু অর্থায়নেও মতবিরোধ

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের পাশাপাশি জলবায়ু মোকাবিলায় অর্থের জোগান নিয়েও দেশগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোই বেশি দায়ী। শিল্পায়নের শুরু থেকে এসব দেশ বিপুল পরিমাণ কয়লা, তেল ও গ্যাস ব্যবহার করে কার্বন নিঃসরণ করেছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষতি সবচেয়ে বেশি সামলাতে হচ্ছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে। তাই জলবায়ু অভিযোজন, দুর্যোগ মোকাবিলা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এসব দেশ উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে অর্থায়নের নিশ্চয়তা চায়। 

কপ-৩১-কেন-ভেস্তে-গেল-দায়-কার.jpg

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কপ ৩১-এর প্রথম দিকের একটি খসড়ায় ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলার জলবায়ু অভিযোজন অর্থায়নের প্রস্তাব ছিল। কিন্তু পরবর্তী খসড়ায় নির্দিষ্ট এই অর্থের পরিমাণ বাদ দেওয়া হয়। শুধু বলা হয়, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করা হবে। তবে কোন অঙ্কের ভিত্তিতে এই বৃদ্ধি হিসাব করা হবে, তা স্পষ্ট করা হয়নি। ফলে উন্নয়নশীল দেশগুলো অর্থায়নের বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা পায়নি। 

এতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হয়। তাদের বক্তব্য, শুধু অর্থায়নের প্রতিশ্রুতি দিলেই হবে না, সেই অর্থ কোথা থেকে আসবে, কারা দেবে এবং কখন পাওয়া যাবে, এসবেরও সুনির্দিষ্ট নিশ্চয়তা থাকতে হবে।

এ ছাড়া তুরস্কের প্রস্তাবিত ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার লক্ষ্য নিয়েও বিতর্ক তৈরি হয়। সমর্থকদের মতে, পরিবহন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়লে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। তবে সমালোচকদের আশঙ্কা, অর্থায়নের নিশ্চয়তা ছাড়া এ ধরনের লক্ষ্য দরিদ্র দেশগুলোর ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি ও ভূরাজনৈতিক সংকট

কপ ৩১-এর ব্যর্থতার পেছনে আন্তর্জাতিক রাজনীতির প্রভাবও ছিল।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদল অংশ নেয়নি। ট্রাম্প প্রশাসন জলবায়ু কূটনীতি থেকে সরে যাওয়ার পর এটি ছিল জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে দ্বিতীয় আয়োজন। অথচ অতীতে জলবায়ু আলোচনা এগিয়ে নিতে এবং বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা তৈরিতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি গ্রহণের সময় যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিয়েছিল। এবার সেই ভূমিকা না থাকায় দেশগুলোর মধ্যে সমঝোতা তৈরির মতো শক্তিশালী নেতৃত্ব পাওয়া যায়নি বলে মনে করছেন কয়েকজন আলোচক।

বিশ্বের বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ চীন সম্মেলনে অংশ নিলেও আলোচনায় তুলনামূলকভাবে নীরব ছিল। 

এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক চাপ। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এতে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বাড়ার চাপ তৈরি হয় বিভিন্ন দেশে। ফলে অনেক সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি নিজেদের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতি সামলানোকে বেশি গুরুত্ব দিতে শুরু করে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মতে, বর্তমান বিশ্বে চলমান নানা ভূরাজনৈতিক সংকটের কারণে জলবায়ু সম্মেলনে দেশগুলোর মধ্যে সমঝোতা তৈরি করা কঠিন হয়ে পড়েছে।

কপ-৩১-কেন-ভেস্তে-গেল-দায়-কার-3.jpg

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা দেশগুলোর আলোচনায় বাড়তি চাপ তৈরি করেছে। ফলে জলবায়ু সংকট মোকাবিলার পাশাপাশি নিজেদের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকেও গুরুত্ব দিতে হয়েছে বিভিন্ন দেশকে।

জলবায়ু কূটনীতির ভবিষ্যত কি সংকটে?

কপ ৩১-এর ব্যর্থতা শুধু একটি সম্মেলনে চুক্তি না হওয়ার ঘটনা নয়। গত তিন দশক ধরে চলে আসা আন্তর্জাতিক জলবায়ু আলোচনার কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে এটি। 

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সাধারণত ১৯০টির বেশি দেশের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। ফলে অধিকাংশ দেশ একমত হলেও কোনো একটি দেশ আপত্তি জানালে চূড়ান্ত সিদ্ধান্ত আটকে যেতে পারে। এতগুলো দেশের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্বার্থ ও অবস্থানের মধ্যে ঐকমত্য তৈরি করাই এখন জলবায়ু কূটনীতির বড় চ্যালেঞ্জ।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবেশবিষয়ক পরিচালক আন্দ্রেস মার্টিন গারিদো সানচেজের মতে, কপ ৩১-এ কোনো সমঝোতা না হওয়ায় জাতিসংঘের জলবায়ু আলোচনার পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, “এই ব্যবস্থায় গভীর সংস্কার প্রয়োজন।”

তবে সম্মেলনটি পুরোপুরি নিষ্ফল হয়নি। যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা ও কার্বন নিঃসরণবিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, সম্মেলনের মূল চুক্তি ‘আনতালিয়া প্যাক্ট’ নিয়ে দেশগুলো একমত হতে না পারলেও কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়ন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের সময় শ্রমিক ও দরিদ্র দেশগুলোর স্বার্থ রক্ষা এবং কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয়ে কিছু উদ্যোগ ও প্রতিশ্রুতি এসেছে। একই সঙ্গে প্যারিস জলবায়ু চুক্তির আওতায় দেশগুলোর আগের প্রতিশ্রুতিগুলোও বহাল রয়েছে।

এদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সব দেশের ঐকমত্য তৈরি কঠিন হয়ে পড়ায় কিছু দেশ ছোট ছোট জোট গড়ে নিজেদের মধ্যে জলবায়ু পদক্ষেপ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেমন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসা, বিদ্যুৎ সরবরাহব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং মিথেন গ্যাসের নিঃসরণ কমানোর মতো বিষয়ে আলাদা উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশ। রয়টার্সের প্রতিবেদন বলছে, এসব জোটের মাধ্যমে দেশগুলো একসঙ্গে কাজ করে কার্বন নিঃসরণ কমানো, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু মোকাবিলায় অর্থায়ন নিশ্চিত করতে চাইছে।

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এ পরিস্থিতি বিশেষ উদ্বেগের। কারণ বৈশ্বিক সিদ্ধান্তে অগ্রগতি না হলে অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ ও সহযোগিতা পাওয়াও কঠিন হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত জলবায়ু সংকটের দায় ও দায়িত্ব ভাগাভাগিতে বিশ্বনেতারা কতটা আন্তরিক হতে পারবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 

(রয়টার্স, এপি, গার্ডিয়ান অবলম্বনে)