মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অপরাধ হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এছাড়াও রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে মিয়ানমারের। এমন সিদ্ধান্ত জানিয়েছে (আইসিজে)।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ১৯এ নভেম্বর বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
গাম্বিয়ার করা মামলায় ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত নিয়েছেন আদালতের বিচারকেরা। নয়জন বিচারক গণহত্যার রায়ের পক্ষে এবং ছয়জন বিপক্ষে ভোট দিয়েছেন।
বাংলাদেশ সময় দুপুর তিনটায় রায় পড়া শুরু করেন আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট অব কোর্ট ইউজি ইওয়াসাওয়া।
রায় পড়ার সময় ইউজি বলেন, “প্রমাণ অনুযায়ী মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।”
তিনি আরও বলেন, আদালত দেখতে পেয়েছেন মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা চালিয়েছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।
আর তাই রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি আছে।
রোহিঙ্গা ভুক্তভোগীদের দিতে হবে ক্ষতিপূরণ
রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে।
তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ এখনো আদালত নির্ধারণ করেনি বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট অব কোর্ট।
ক্ষতিপূরণের পরিমাণ অপরাধ ও ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ ও দেওয়ার পদ্ধতি মামলার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে বলে রায়ে জানানো হয়।
ইউজি আরও বলেন, এই রায়ের দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে মিয়ানমারকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে।
রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে জবরদস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল মিয়ানমার
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরোপিত বিধিনিষেধ কীভাবে তাদের জন্মহারকে প্রভাবিত করেছিল। রায়ে এ বিষয়েও উল্লেখ করেছেন আইসিজে’র বিচারক ইওয়াসাওয়া ইউজি।
রায়ে ইউজি বলেন, মিয়ানমার একটি আদেশ জারি করে। যেখানে ‘বাঙালি’ হিসাবে পরিচিত মানুষদের বিয়ের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতো। একইসঙ্গে বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যাও সীমিত রাখতে হতো।
রোহিঙ্গাদের সর্বোচ্চ দুইটি সন্তান জন্ম দেওয়ার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল জারি করা আদেশে।
বিচারক ইউজি বিষয়টি ব্যাখ্যা করেন, এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার সীমিত করতে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল এ জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে আনা।
রায়ে আদালত বলেছে, “এ পরিস্থিতিতে আদালত নিশ্চিত, ওই আদেশটি ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া একটি জোরপূর্বক পদক্ষেপ। যার উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে এই গোষ্ঠীর ভেতরে জন্মহার কমিয়ে আনা। যার মধ্যে শুদ্ধি অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।”
এ ছাড়া ক্লিয়ারেন্স অপারেশনের সময় যৌন সহিংসতার ঘটনাও তুলে ধরেন বিচারপতি। তার মতে, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতা কমে যায়।
নির্বিচার হত্যা, যৌন সহিংসতা ও বাড়িঘরে আগুন দেয় মিয়ানমারের বাহিনী
২০১৭ সালের অগাস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরুর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে ধরেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট অব কোর্ট ইওয়াসাওয়া ইউজি।
তিনি বলেন, “আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনা আদালত স্বীকার করছে। এসব হামলার মধ্যে গ্রামে আগুন দেওয়ার ঘটনাও ছিল।”
তবে বিচারপতি বলেন, আদালতের প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কয়েকটি এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। বিশেষ করে পরিবার থেকে পুরুষ সদস্যদের তুলে নিয়ে হত্যা করা হয়েছে। যৌন সহিংসতা চালিয়েছে। পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দিয়েছে।
তিনি আরও বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে। শিশুদের ওপর চরম সহিংসতা করেছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার সময় তাদের ওপরও হামলা চালিয়েছে।
মরদেহ পুড়িয়ে প্রমাণ ধ্বংস করেছে মিয়ানমার
রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর জেনোসাইডের অভিযোগে করা মামলার রায়ে আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, মিয়ানমার মরদেহ পুড়িয়ে ফেলে বা অন্য কোনো উপায়ে তা সরিয়ে দিয়ে প্রমাণ ধ্বংস করেছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত।
আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি ইওয়াসাওয়া।
তিনি আরো বলেন, যেসব স্থানে “ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযান” চালানো হয়েছিল, সেগুলোও পুড়িয়ে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এসব কারণে ২০১৭ সালে কী ঘটেছিল সেসব তদন্তে বাধা তৈরি করেছিল।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার ঘটনা যথাযথভাবে তদন্ত করতে ব্যর্থ হয়েছে মিয়ানমার সরকার। এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারপতি ইওয়াসাওয়া।
মামলার প্রমাণ মূল্যায়নের ক্ষেত্রে আদালত মিয়ানমারের অসহযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়েছে। রায়েও বলা হয়, মিয়ানমার নৃশংসতার ঘটনাগুলো তদন্ত করেনি। পাশাপাশি, প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য প্রমাণ ও সাক্ষীদের কাছে যাওয়ার সুযোগ দিতেও অস্বীকৃতি জানিয়েছে।
২০১৭ সালে সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর আগে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
গণহত্যার অপরাধে জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি দিতেও ব্যর্থ হয়েছে মিয়ানমার। দেশটির সামরিক কমান্ডাররাও এর অন্তর্ভুক্ত। এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত।
প্রেসিডেন্ট অব কোর্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা সনদের ৩ নাম্বার অনুচ্ছেদে গণহত্যা, গণহত্যার ষড়যন্ত্র, সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি, গণহত্যার চেষ্টা এবং এতে সহযোগিতার মতো অপরাধকে শাস্তিযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিচারপতি আরও বলেন, গণহত্যা সনদের ১, ৪ ও ৬ নাম্বার অনুচ্ছেদের অধীনেও গণহত্যার অপরাধের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।
রোহিঙ্গাদের ‘স্বতন্ত্র জাতিগোষ্ঠী’ হিসাবে স্বীকৃতি
রোহিঙ্গাদের একটি ‘স্বতন্ত্র জাতিগোষ্ঠী’ হিসাবে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
রায়ে বলা হয়, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্প-সংস্কৃতি আছে। তারা নিজেদেরও একটি স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেন।
আরও বলা হয়, কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্যের শিকার হওয়ার প্রমাণ আছে। ফলে তারা গণহত্যা সনদের আওতায় সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।
ফেইসবুক পোস্টে গণহত্যায় উসকানির অভিযোগ নিশ্চিত নয় আইসিজে
মিয়ানমারের সামরিক বাহিনীর কিছু ফেইসবুক পোস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে উৎসাহিত করার চেষ্টা ছিল বলে মনে করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বিচারপতি ইউজি ইওয়াসাওয়া ইউজি বলেন, এসব পোস্টের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে একটি জনগোষ্ঠী হিসাবে সহিংসতায় উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
তবে আদালত মনে করে না পোস্টগুলো রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল।
একইভাবে, যাদের উদ্দেশে এসব বার্তা দেওয়া হয়েছিল, তারাও সেগুলোকে গণহত্যার আহ্বান হিসাবে নিয়েছেন—এমন প্রমাণও পাওয়া যায়নি।
এ কারণে বেসরকারি ব্যক্তিদের মাধ্যমে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি দিয়েছে—এ অভিযোগের বিষয়ে আদালত ‘পুরোপুরি নিশ্চিত নয়’।
মামলা নিয়ে যা হলো
২০১৯ সালের ১১ই নভেম্বর গাম্বিয়া গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে। ২০২০ সালের ২৩এ জানুয়ারি আদালত মিয়ানমারের প্রতি কয়েকটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
২০২২ সালের ২২এ জুলাই মিয়ানমারের উত্থাপিত প্রাথমিক আপত্তির বিষয়ে রায় দেন আদালত। বলা হয়, গণহত্যা সনদের ৯ নাম্বার অনুচ্ছেদের ভিত্তিতে গাম্বিয়ার করা মামলা শুনানির এখতিয়ার আদালতের রয়েছে। মামলাটিও গ্রহণযোগ্য।
২০২৪ সালের ৩রা জুলাই এবং ২০২৫ সালের ২৫এ জুলাই দেওয়া পৃথক দুটি আদেশে আদালত ১১টি রাষ্ট্রের হস্তক্ষেপের ঘোষণা গ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত দেন। তবে তা গণহত্যা সনদের বিভিন্ন বিধানের ব্যাখ্যা-সংক্রান্ত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়।
হস্তক্ষেপকারী রাষ্ট্রগুলোর লিখিত পর্যবেক্ষণসহ মামলার লিখিত কার্যক্রম ২০২৫ সালের ২৫এ সেপ্টেম্বর শেষ হয়।
২০২৬ সালের ১২ থেকে ২৯এ জানুয়ারি মামলার মূল বিষয়বস্তুর ওপর প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।