পাকিস্তানে টিভি অ্যাংকরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, স্বামী আটক

পাকিস্তানে নিজ বাড়ি থেকে এক টিভি অ্যাংকরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

নিহত সাংবাদিকের নাম রাবিয়া আহসান। তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের নাইনটি টু নিউজের সংবাদ উপস্থাপক ছিলেন।

রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই বাড়ির এক গৃহকর্মীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী গুলির শব্দের পর দাবি করেছেন, দুর্ঘটনাবশত গুলির ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্যা ডন জানিয়েছে, পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। ময়নাতদন্তের জন্য রাবিয়ার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা করা হচ্ছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন সিটি পুলিশ ।

রাবিয়া আহসানের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো জারদারি। একই সঙ্গে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।