ভারতের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
শনিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান এলাকার সারদা পার্কের দুর্গাপূজার মণ্ডপে এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
কলকাতা পুলিশ বলেছে, বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে মণ্ডপ থেকে বের হওয়ার পথে তারা পদপিষ্ট হন। আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।
দুর্ঘটনার সময় মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ সরু ছিলো বলে অভিযোগ করেছেন এক প্রত্যক্ষদর্শী।
এ ঘটনায় পূজার আয়োজকসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করা হবে। রাজ্যের বড় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি।
মধ্যরাতে ফেইসবুকে দেওয়া এর ভিডিও বার্তায় নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ ভারতীয় রুপি ও একটি করে সরকারি চাকরি দেওয়ার পাশাপাশি আহতদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বহনসহ প্রত্যেককে ৫ লাখ রুপি আর্থিক সাহায্যের কথাও জানান তিনি।
পদদলিত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কলকাতার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে স্থানীয় প্রশাসন কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
নিহতদের পরিবারের জন্য দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার ভারতীয় রুপি করে এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গে রবিবারের নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসা ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।