নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ইউএস আর্মির সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে আগের আদেশ অনুযায়ী চলতি বছরের ৩রা ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অনেক মানুষ হাসানের মৃত্যুদণ্ড দেখতে চান না।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হলে তা সন্ত্রাসীদের জন্য সতর্কবার্তা হতে পারতো। তবে তীব্র সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইউএস সেক্রেটারি অব স্টেট পিট হেগসেথ মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার বক্তব্য ছিলো, এ ধরনের অপরাধের গুরুতর পরিণতি সম্পর্কে মানুষের জানা প্রয়োজন। তবে পেন্টাগনের এ পরিকল্পনা ঘোষণার পর মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। জাতিসংঘও এ পরিকল্পনাটিকে ‘ঘৃণ্য’ বলে উল্লেখ করে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালের ৫ই নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি চিকিৎসাকেন্দ্রে গুলি চালান নিদাল হাসান। এতে ১৩ জন নিরস্ত্র মার্কিন সেনাসদস্য নিহত এবং আহত হন আরও ৩২ জন। সে সময় সেনাসদস্যরা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিলেন। নিদাল হাসান ইউএস আর্মির একজন চিকিৎসক হিসেবে মেজর পদমর্যাদায় কর্মরত ছিলেন।

২০১৩ সালে সামরিক আদালতে হাসান হামলার দায় স্বীকার করেন। হাসানের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাত থেকে মুসলিম ও আফগানিস্তানের তালেবানকে রক্ষা করতেই তিনি এ হামলা চালিয়েছিলেন।

এদিকে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা চাইলে সরাসরি উপস্থিত থেকে  নিদালের মৃত্যুদণ্ড  দেখতে পারবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। 

ফোর্ট হুডের এই হামলাটি যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী অসামরিক হামলা হিসেবে বিবেচিত।